প্রিয় এমসিজিতেই শেষ বিদায় ডিন জোন্সকে

ডিন জোন্সকে তার প্রিয় ক্রিকেট মাঠ মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শেষ বিদায় জানানো হলো। গত ২৪ সেপ্টেম্বর আকস্মিক মৃত্যু হয় ৫৯ বছর বয়সী এই অস্ট্রেলিয়ান ক্রিকেটারের।

বিশ্ব ক্রিকেটের অন্যতম বর্ণময় চরিত্র ছিলেন ডিন জোন্স। ব্যাট হাতে ওয়ানডে ক্রিকেট মাতিয়েছেন বছরের পর বছর। অস্ট্রেলিয়ার হয়ে মোট ৫২টি টেস্ট এবং ১৬৪টি ওয়ানডে খেলেছেন তিনি।

বরাবরের হাসি খুশি স্বভাবের ডিন জোন্স ক্রিকেট জগতে ‘প্রফেসর ডিনো’ নামে খ্যাত। ক্রিকেট খেলাকে তার মতো করে বোঝার এবং সেটাকে বিশ্লেষণ করার ক্ষমতা খুব কম লোকেরই ছিল। তাই ক্রিকেট জীবন থেকে অবসর নেওয়ার পর ধারাভাষ্যকার হিসেবে কাজ করছিলেন তিনি।

সম্প্রতি অস্ট্রেলিয়া থেকে ভারতের মুম্বাইয়ে গিয়েছিলেন আইপিএলে ধারাভাষ্য দিতে। কিন্তু ২৪ সেপ্টেম্বর সকালে হঠাৎই তার স্ট্রোক হয়। সদা হাশি-খুশি জোন্স চলে যান না ফেরার দেশে। অথচ ঘটনার দিন সকালেও সতীর্থ ধারাভাষ্যকারদের সঙ্গে মিটিং করেছেন। হোটেলে ব্রেকফাস্ট করেন।

পরে অস্ট্রেলিয়ার হাই কমিশনের চেষ্টায় জোন্সের মৃতদেহ অস্ট্রেলিয়াতে নেওয়া হয়।

বুধবার এমসিজিতে জোন্সকে ‘ল্যাপ অফ অনার’ দেওয়া হয়। এ সময় ডিনের স্ত্রী বলেন ‘এমসিজির বুকে ডিনের প্রিয় গ্রাউন্ডে তাকে বিদায় জানাতে পেরে পরিবার হিসেবে আমরা সম্মানিত বোধ করছি।’