পাবনায় পেঁয়াজ বীজের অগ্নিমূল্যে বিপাকে চাষিরা

পাবনায় পেঁয়াজের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে বীজের বাজারেও। জেলার সাঁথিয়া, সুজানগর, বেড়াসহ পেঁয়াজ উৎপাদনে বিখ্যাত এলাকার চাষিরা বীজের বাড়তি দামের কারণে পেঁয়াজ চাষ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন। এ অবস্থায় আগাম মুড়িকাটা ও হালি উভয় প্রকার পেঁয়াজের আবাদেই বিপাকে পড়েছেন চাষিরা।

চাষিরা জানান, চলতি মৌসুমে ভালো দাম পেয়ে পাবনার সুজানগর, বেড়া ও সাঁথিয়ার কৃষকরা এবার পেঁয়াজের আবাদে আরও বেশি আগ্রহী হয়ে উঠেছেন। কিন্তু গতবারের তুলনায় এবার প্রতি কেজিতে পেঁয়াজ বীজের দাম বেড়েছে তিন থেকে সাড়ে তিন হাজার টাকা। গত বছর প্রতি কেজি পেঁয়াজের বীজ ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। কিন্তু এবার প্রতি কেজি বীজ বিক্রি হচ্ছে চার থেকে পাঁচ হাজার টাকায়। কৃষকদের অভিযোগ, চাহিদা বেশি হওয়ার সুযোগ নিয়ে বীজ ব্যবসার সঙ্গে জড়িত একটি চক্র এবার পেঁয়াজ বীজের দাম কৌশলে বাড়িয়ে দিয়েছে।

সাঁথিয়ার কাশিনাথপুরের ভাই ভাই বীজ ভান্ডারের মালিক এমদাদুল হক জানান, গত বছরের তুলনায় এবার পেঁয়াজের বীজের দাম তিনগুণেরও বেশি বেড়েছে। এত চড়া দামের কারণে বীজ বিক্রি কম হচ্ছে। এছাড়া তাদের লাভও হচ্ছে গতবারের তুলনায় কম।

সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার গোস্বামী ও সুজানগর উপজেলা কৃষি কর্মকর্তা ময়নুল হক সরকার বলেন, বাজার মূল্য বেশি থাকায় পেঁয়াজের উৎপাদন খরচ বাড়লেও চাষিরা ক্ষতিগ্রস্ত হবেন না।