আনোয়ারা উপজেলা

উপকূল রক্ষায় বরাদ্দ আরও ২৫৭ কোটি টাকা

চট্টগ্রামের আনোয়ারা উপকূল রক্ষা প্রকল্পে আরও ২৫৭ কোটি টাকা ব্যয় বৃদ্ধি করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এ নিয়ে তিন দফায় বরাদ্দ বেড়ে প্রকল্পের ব্যয় দাঁড়াল ৫৭৭ কোটি ২৬ লাখ ৯২ হাজার টাকায়। গত মঙ্গলবার একনেকের ভার্চুয়াল সভায় সংশোধিত এ বরাদ্দের অনুমোদন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের সহকারী একান্ত সচিব রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন।

পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, দ্বিতীয় সংশোধিত বরাদ্দের ২৩০ কোটি টাকা আনোয়ারা উপকূলের বার আউলিয়া থেকে পরুয়াপাড়া বাতিঘর পর্যন্ত বেড়িবাঁধের উন্নয়নে ব্যয় হবে। বাকি ২৭ কোটি টাকা ব্যয় হবে পানি নিয়ন্ত্রণ অবকাঠামো (সøুইস গেট ও আউটলেট) নির্মাণে। প্রকল্পের আওতায় বার আউলিয়ায় ৩০০ মিটার, বাইগ্যার ঘাটে ৩০০ মিটার, গলাকাটা ঘাট থেকে পরুয়াপাড়া মাদ্রাসা গেট পর্যন্ত ৯৮৬ মিটার ও পরুয়াপাড়া বাতিঘর এলাকায় ৫৬৪ মিটার বড় আকারের সিসি ব্লক দ্বারা বাঁধ নির্মাণ করা হবে।

পাউবো চট্টগ্রাম পওর বিভাগ-১-এর উপবিভাগীয় প্রকৌশলী অনুপম দাশ বলেন, আনোয়ারা ও কর্ণফুলীতে এ প্রকল্পের আওতায় ইতিমধ্যে ৩২০ কোটি টাকা ব্যয়ে ৪৩টি প্যাকেজের কাজ প্রায় সমাপ্তির পথে। নতুন করে বরাদ্দ পাওয়া ২৫৭ কোটি টাকায় আরও সাতটি প্যাকেজে ২১৫০ মিটার বাঁধের প্রতিরক্ষামূলক কাজ করা হবে। এসব কাজের টেন্ডার প্রক্রিয়া চলছে। আগামী মাসেই কাজ শুরু হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে সামুদ্রিক জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা পাবে উপকূলীয় আনোয়ারার দুই লাখের বেশি মানুষ।