সিলেটে সংঘর্ষ থামাতে গিয়ে শ্রমিক নিহত

সিলেটের বালাগঞ্জে দেনা-পাওনা নিয়ে বিরোধের জেরে দুজনের সংঘর্ষ থামাতে গিয়ে ছমির আলী (৪৫) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার আহমদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ছমির আলী একই গ্রামের রইছ আলীর ছেলে। পেশায় তিনি একজন রাজমিস্ত্রি ছিলেন।

স্থানীয়রা জানায়, একই গ্রামের মছব্বির আলীর চায়ের দোকানে ছমির আলীর ভাগ্নে পারভেজের ২২০ টাকা বাকি ছিল। মঙ্গলবার রাতে মছব্বির পাওনা টাকা পারভেজের কাছে চাওয়ায় দুজনের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে মারামারি শুরু হয়। খবর পেয়ে ভাগ্নেকে রক্ষায় দ্রুত এগিয়ে যান ছমির আলী। তখন মছব্বির ও তার পক্ষের লোকজন ছমির আলীকে বেদম মারধর করে। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বালাগঞ্জ থানার ওসি গাজী আতাউর রহমান জানান, ঘটনায় জড়িতরা পলাতক।