চীনে টুইনডেমিক ফ্লু ভ্যাকসিনের সংকট

একদিকে করোনাভাইরাস মহামারী, অন্যদিকে শীতকালে ইনফ্লুয়েঞ্জা সংক্রমণের শঙ্কায় চীনে দেখা দিয়েছে ফ্লু ভ্যাকসিনের ঘাটতি। ফলে ফার্মেসি বা ওষুধের দোকানের সামনে লেগে গেছে দীর্ঘ লাইন, অনলাইনে সেগুলো বিক্রি হচ্ছে তিন থেকে চারগুণ দামে। এরপরও অনেকেই ভ্যাকসিন পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন।

একই সঙ্গে করোনা ও ফ্লু সংক্রমণকে অনেকে টুইনডেমিক বলে অভিহিত করেছেন। এটি প্রতিরোধে গত সেপ্টেম্বরে ফ্লু ভ্যাকসিন ক্যাম্পেইন শুরু করে চীন। চীনা স্বাস্থ্য কর্র্তৃপক্ষ জানিয়েছে, ফ্লু সংক্রমণের সঙ্গে কভিড-১৯ রোগীদের প্রাথমিক উপসর্গের মিল থাকায় শীতকাল আসলে এটি নিয়ন্ত্রণ কঠিন হয়ে উঠতে পারে। দুটি ভাইরাসের যৌথ আক্রমণে মৃত্যুহারও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

এই ঝুঁকি মোকাবিলায় শীতের আগেই জনগণকে ফ্লু ভ্যাকসিন নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এ কারণে ফ্লু ভ্যাকসিন প্রদানের হার বাড়াতে বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে চীনা সরকার।