করোনা নিয়ে কাজে ফিরলেন ট্রাম্প

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে কাজে ফিরলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ওভাল অফিসে বসে তিনি ব্রিফিংও শুরু করে দিয়েছেন বলে এক খবরে বিবিসি জানিয়েছে।

ভাইরাসটি থেকে আশঙ্কামুক্ত হওয়ায় ট্রাম্প হোয়াইট হাউসে ফেরেন। তবে ট্রাম্পের রিপোর্ট নেগেটিভ কি না, সে ব্যাপারে মন্তব্য করেননি প্রেসিডেন্টের চিকিৎসক শন কোনলে।

গত ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে ট্রাম্প শরীরে কোনো ধরনের করোনা উপসর্গ নেই বলে শন কোনলে জানিয়েছেন। এমনকি গত চারদিনেরও বেশি সময় ধরে তিনি জ্বরমুক্ত।

এদিকে এক ভিডিও বার্তায় বুধবার মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি দারুণ অনুভব করছেন। তিনি বলেন, ‘আমি মনে করি এটি ছিল সৃষ্টিকর্তার আশীর্বাদ’।

ট্রাম্প জানান, যে চিকিৎসা তিনি গ্রহণ করেছেন, সেটি যেন সব মার্কিন নাগরিকেরা পায়, সেটিই তিনি চান।

যে কোম্পানির ওষুধ তিনি গ্রহণ করেছেন সেটিও বিনামূল্যে করোনায় আক্রান্তদের সরবরাহ করা হবে বলে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন।

এদিকে কাজে ফিরে করোনার জন্য দোষারোপ করে ফের চীনকে আক্রমণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।

মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা এর জন্য মূল্য দিচ্ছেন না। এটি আমাদের দোষ নয়। এটি চীনের দোষ। এবং চীনকেই এর জন্য বড় মূল্য দিতে হবে।’

করোনা পজিটিভ হওয়ার পর শুক্রবার তিনি হাসপাতালে ভর্তি হন। সোমবার তিনি হোয়াইট হাউসে ফিরে আসেন। ট্রাম্পের কোনো ধরনের অক্সিজেন সাপোর্টও প্রয়োজন হয়নি বলে জানান কোনলে।

হাসপাতাল থেকে ফিরে মাস্ক খুলে ফেলে সমালোচিত হন ট্রাম্প। এ ছাড়া ‘করোনা সাধারণ ফ্লু ছাড়া কিছু নয়’ বলে মন্তব্য করে ফের বিতর্কের মুখে পড়েন তিনি।

এখন পর্যন্ত করোনায় যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং মারা গেছে। দেশটিতে দেশটিতে ৭৭ লাখ ৭৬ হাজার রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২ লাখ ১৬ হাজারের বেশি লোক।