নাইটদের কাছে হেরে ব্যাটসম্যানদের দুষলেন ধোনি

সাধ্যের মধ্যে লক্ষ্য পেয়েও শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের কাছে হেরে যাওয়ায় সতীর্থ ব্যাটসম্যানদের দায়ী করেছেন চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বুধবার রাতে অনুষ্ঠিত ম্যাচটিতে ১০ রানে হারে চেন্নাই। ১৬৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৫৭ রানে থেমে যায় ধোনিদের ইনিংস।

দলের ব্যর্থতার বিশ্লেষণ করতে গিয়ে ধোনি বলেন- “স্ট্রাইকের রোটেশন সব সময় গুরুত্বপূর্ণ। কখনো কখনো বলের গুরুত্ব বিচার করে টিকে থাকতে হয়। শেষ তিন ওভারে আমরা কার্যত কোনো বাউন্ডারিই হাঁকাতে পারিনি। ম্যাচে সব সময় অভিনবত্বের প্রমাণ দিতে হয়। যদি প্রতিপক্ষ ব্যাক অফ দ্য লেংথ বোলিং করে তাহলে অন্য উপায়ে বাউন্ডারি হাঁকানোর চেষ্টা করতে হবে।”

তুলনামূলক কম রানের মধ্যেই কেকেআরকে আটকাতে পারায় বোলারদের প্রশংসা করেছেন চেন্নাইয়ের দলনেতা- “শুরুতে আমরা বেশ কিছু রান খরচ করে ফেলেছি। করণ শর্মা তো দারুণ বোলিং করে গেল। ওদের ১৭০ এর কিছু কমে আটকে রেখে বোলাররা দারুণ পারফর্ম করেছে। দল হিসেবে এই টার্গেট আমাদের ছোঁয়া উচিত ছিল। তবে ব্যাটসম্যানরা বোলারদের পরিশ্রমে জল ঢেলে দিল।”