আইপিএলে আগ্রহ ছিল মোস্তাফিজ-নাহিদ রানার

আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পিএম

আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম। এই নিলামের জন্য ১ হাজার ২২০ জন ক্রিকেটার নিজেদের নাম নিবন্ধিত করেছেন, এর মধ্যে আছেন ২৮১ জন বিদেশি খেলোয়াড়। ১০টি দলের জন্য খালি রয়েছে সর্বোচ্চ ৬৬টি জায়গা, যেখানে সর্বোচ্চ ২৫ জন বিদেশি ক্রিকেটার সুযোগ পাবেন। নিলামের জন্য বাংলাদেশ থেকে ১২ জন ক্রিকেটার নাম দিয়েছেন। তবে সে তালিকায় নেই মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা। অথচ নিবন্ধনের শুরুতে আইপিএল খেলার জন্য আগ্রহ প্রকাশ করেন এই দুই পেসার।

বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের একজন সদস্য বলেন, 'বিসিসিআই থেকে আমাদের কাছে বলে যে আইপিএলের রেজিস্ট্রেশন লিংকটা ওপেন হয়েছে। তখন আমরা ক্রিকেটারদের জিজ্ঞেস করি, কে কে আগ্রহী, আবেদন করতে চায়। যারা যারা আমাদের নিশ্চিত করে, ওই অনুযায়ী আমরা তাদের নামে রেজিস্ট্রেশন লিংকটা উন্মুক্ত করে দিই। আমাদের কাজ হচ্ছে শুধুমাত্র রেজিস্ট্রেশন লিংকটা উন্মুক্ত করা। এরপরে ওই রেজিস্ট্রেশন পূরণ করে সাবমিট করার দায়িত্ব খেলোয়াড়দের। এখানে বিসিবির কোনো ধরনের কোনো দায়িত্ব নেই। পরে ওদের ইমেইলে কথা হয়..। কোন খেলোয়াড় রেজিস্ট্রেশন করবে কিনা, এটা বিসিবি বলতে পারে না।'

মূলত নিজেদের নামে রেজিস্ট্রেশন লিংক ওপেন হওয়ার পর নিজ নিজ ক্রিকেটার নিজেদের তথ্য সেখানে তুলে ধরেন। নিলামের কোন ক্যাটাগরিতে থাকতে চান, ভিত্তিমূল্য কত চান, গোটা মৌসুম খেলবেন অথবা নির্দিষ্ট কোন সময়ে খেলবেন-এসব তথ্য ক্রিকেটাররা নিশ্চিত করে থাকেন। এই প্রক্রিয়া পর্যন্ত মোস্তাফিজ এবং নাহিদ আইপিএল খেলতে নিজেদের আগ্রহ প্রকাশ করে বলে দাবি বোর্ডের অন্য আরেকজন সদস্যের। তিনি বলেন, 'হ্যাঁ, আমরা মোস্তাফিজের লিংক ওপেন করে দিয়েছিলাম। নাহিদ রানার লিংকও ওপেন করেছিলাম। তারা কেন নিবন্ধন করেনি, সেটা বিসিবি বলতে পারে না।'

তবে এখনো চোট ভোগা নাহিদের ক্ষেত্রে ওয়ার্কলোড গুরুত্বপূর্ণ বিষয় হতে পারে বলেই মনে করেন টিম ম্যানেজমেন্টের একজন সদস্য। ২০২৭ সালে এশিয়া কাপ, ওয়ানডে বিশ্বকাপের মতো দুটি বড় টুর্নামেন্ট থাকায় আইপিএলের চাপ নিতে চাচ্ছেন না নাহিদ। মোস্তাফিজের ক্ষেত্রে গত মৌসুমের ঘটনাটি অবশ্য আলাদা গুরুত্ব বহন করছে। ২০২৬ আসরের জন্য ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। কিন্তু গত বছরের ৩ জানুয়ারি বিসিসিআইয়ের নির্দেশে দল থেকে ছেড়ে দিতেও বাধ্য হয় ফ্র্যাঞ্চাইজিটি। সে সময় বাংলাদেশ-ভারত রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে ঘটনাটিকে দুই দেশের সম্পর্কের প্রভাব হিসেবেই দেখেছিল আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

মোস্তাফিজকে বাদ দেওয়ার পর বিষয়টি শুধু আইপিএলে সীমাবদ্ধ থাকেনি। বিসিবি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার অনুরোধ করে আইসিসিকে। বাংলাদেশে আইপিএল সম্প্রচারও বন্ধের সিদ্ধান্ত নেয় তখনকার সরকার। শেষ পর্যন্ত আইসিসি সূচি পরিবর্তনে রাজি হয়নি এবং বাংলাদেশ বিশ্বকাপে অংশ নেয়নি। মোস্তাফিজ এবার আইপিএলে নাম না দেওয়ার পেছনে অনেকের সে ঘটনার সম্পৃক্ততা খুঁজছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত