১৬ বছর আগেই বার্সা ছাড়তে চেয়েছিলেন মেসি

গত মৌসুম শেষ হতেই বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত ক্লাব কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছিলেন লিওনেল মেসি। অনেক নাটক, আলোচনার পর শেষ পর্যন্ত কাতালান ক্লাবেই থেকে যান আর্জেন্টাইন তারকা। মেসির বার্সা ছাড়তে চাওয়ার ইচ্ছে প্রকাশটাই অনেকের কাছে ছিল বিস্ময়ের। ক্লাবটার সঙ্গে যে তার একরকম ‘নাড়ির সম্পর্ক’ বলা চলে। তবে চমকপ্রদ তথ্য হচ্ছে, ১৬ বছর আগেই বার্সা ছাড়তে চেয়েছিলেন এলএম টেন!

মেসি ২০০৪ সালে চেলসিতে যোগ দিতে চেয়েছিলেন। এ ব্যাপারে তখনকার চেলসি ম্যানেজার হোসে মোরিনহোর সঙ্গে তার কথাবার্তা অনেক দূর এগিয়েছিল। পর্তুগিজ কোচের অধীনে মেসি খেলতে রাজিও ছিলেন।

এত দিন পর বিষয়টি সামনে এনেছেন সাংবাদিক জিয়ানলুকা দি মার্জিও। তিনি জানান, সেবারই প্রথম মেসি বার্সা ছাড়তে চান। তবে চেলসির সঙ্গে তার চুক্তি হয়নি।

শেষ পর্যন্ত তাই বার্সেলোনা অধিনায়ক ক্লাবে থেকে যান। ১৬ বছর পর যিনি সিদ্ধান্ত নেন বার্সা ছাড়ার। কাতালান ক্লাব কর্তৃপক্ষকে মেসি জানিয়ে দেন, তাকে যেন ছেড়ে দেওয়ার হয়। তবে বার্সা সভাপতি জোসেপ মারিয়া বার্তেমোউ মেসির অনুরোধ রাখেননি। জানিয়ে দেন ক্লাব ছাড়তে হলে রিলিজ ক্লাজের ৭০০ মিলিয়ন ইউরো পরিশোধ করে তবেই যেতে হবে।

বার্সার সঙ্গে চুক্তির এক বছর বাকি থাকা মেসি শেষ পর্যন্ত থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। যদিও পেপ গার্দিওলার দল ম্যানচেস্টার সিটির সঙ্গে মেসির কথাবার্তা অনেক দূর এগিয়ে ছিল বলে গুঞ্জন।