ফ্রান্স ইতালির বিশাল জয়, পর্তুগাল জার্মানির ড্র

আন্তর্জাতিক ফুটবল ফের মাঠে ফিরেছে বুধবার রাতে। বেশ কিছু প্রীতি ম্যাচ ছিল এদিন। বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স ৭-১ গোলে হারিয়েছে ইউক্রেনকে। জার্মানি ও তুরস্কের ম্যাচটি ড্র হয় ৩-৩ গোলে। ইতালি মলদোভার জালে দিয়েছে ৬ গোল। কিন্তু গোল হয়নি পর্তুগাল-স্পেন ম্যাচে। আর মেক্সিকোর কাছে হার (০-১) দিয়ে ডাচ কোচ হিসেবে অভিষেক হয়েছে ফ্রাংক ডি বোরের।

করোনায় জর্জরিত ইউক্রেন

ফ্রান্সের বিপক্ষে গোলকিপার নিয়ে বেশ হিমশিম খেতে হয়েছে ইউক্রেনের কোচ আন্দ্রে শেভচেঙ্কোকে। কারণ দলের দুই গোলকিপার ছিটকে গিয়েছিলেন করোনার কারণে। একমাত্র ফিট গোলকিপার ছিলেন জর্জি বুশচান ইয়ারমোলেঙ্কো। আর বেঞ্চে ছিলেন ৪৫ বছর বয়সে অবসর ভেঙে ফেরা আলেক্সান্দার শভকোভস্কি। তিনি আবার ইউক্রেনের সহকারী কোচও। ইউক্রেনের মূল দলের ৬ জন ইনজুরিতে, আর নয়জন করোনা আক্রান্ত। এমন ইউক্রেনকে গুনে গুনে সাত গোল দেয় ফ্রান্স। অধিনায়ক অলিভিয়ের জিরু করেন জোড়া গোল (২৪, ৩৩ মিনিটে)। এছাড়া একটি করে গোল করেন এদুয়ার্দো কামাভিঙ্গা (৯ মিনিট), করেন্টিন টলিসো (৬৫ মিনিট), কিলিয়ান এমবাপে (৮২ মিনিট) ও অ্যান্তোইন গ্রিজমান (৮৯ মিনিট)। একটি গোল ছিল আত্মঘাতী। আর ইউক্রেনের হয়ে সান্ত¡নাসূচক গোলটি করেন ভিক্টর।

হারে শুরু বোরের

রোনাল্ড কোম্যান বার্সেলোনাতে যোগ দেওয়ার পর ডাচ দলের দায়িত্ব নেন ফ্রাঙ্ক ডি বোর। কিন্তু কোচ হিসেবে সাবেক ডিফেন্ডারের অভিষেক হয়েছে মেক্সিকোর কাছে তার দিয়ে। ম্যাচের ৬০ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রাউল জিমিনেজ। তবে ম্যাচের শেষ দিকে মেম্ফিস ডিপের শট বারে না লাগলে ড্র করতে পারতো ডাচরা।  ডি বোর বলেছেন পরে, ‘হারটা সবসময়ই হতাশার। কিন্তু এটি আমাদের পূর্ণ শক্তির দল ছিল না। তবে আমরা খারাপ শুরু করি। বেশ কিছু ভুল করেছি।’ রবিবার বসনিয়া এবং মঙ্গলবার ইতালির বিপক্ষে নেশন্স লিগের ম্যাচ খেলবে ডাচরা। 

লিসবনে দর্শক

লিসবনে পর্তুগাল ও স্পেনের প্রীতি ম্যাচে সর্বোচ্চ ২৫০০ দর্শক থাকার অনুমতি ছিল। এমন ম্যাচে বাড়তি প্রেরণা পাওয়ার কথা ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের। ম্যাচে অসংখ্য সুযোগ নষ্ট করে দু’দলই। ফলাফল গোলশূন্য ড্র। তবে খেলা শুরুর ১৭ মিনিটের মধ্যে তিনটি আক্রমণ করেছিল স্পেন। সেগুলো বাঁচিয়ে দেন পর্তুগাল গোলকিপার রুই প্যাত্রিসিও। ৫৩ মিনিটে রোনালদোর বুলেট গতির শট ক্রসবারের নিচের দিকে লেগে মাঠে ফেরে। ৬৮ মিনিটে আবার রেনাতো সানচেজের শট বারে লাগে। তা না হলে জয় নিয়ে মাঠ ছাড়ত পর্তুগাল। স্পেন কোচ লুইস এনরিকে বলেছেন, ‘আমার মনে হয় আমরা পর্তুগালের চেয়ে ভালো খেলেছি। আমাদের আধিপত্য ছিল। মানছি তাদের দুটি শট বারে লেগেছে কিন্তু আমরাও বেশ কয়েকটি সুযোগ পেয়েছি।’

প্রীতি ম্যাচ শেষে উয়েফা নেশন্স লিগে নামতে যাচ্ছে পর্তুগাল। রবিবার তাদের প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। অন্যদিকে শনিবার স্পেন ঘরের মাঠে আতিথ্য দেবে সুইজারল্যান্ডকে।

তিনবার এগিয়েও ড্র জার্মানির

তুরস্কের বিপক্ষে তিনবার এগিয়ে গিয়েও জেতা হলো না জার্মানির। প্রতিবারই সমতা ফেরায় তুরস্ক। প্রথমার্ধে গোল হয় মাত্র একটি, বাকি পাঁচটি দ্বিতীয়ার্ধে। সামনে নেশন্স লিগের খেলা তাই নিয়মিত খেলোয়াড়দের কয়েকজনকে বিশ্রামে রেখেছিলেন জার্মান কোচ জোয়াকিম লো। জার্মানদের পরবর্তী ম্যাচ নেশন্স লিগে শনিবার রাতে ইউক্রেনের বিপক্ষে। এছাড়াও পোল্যান্ড ৫-০ গোলে ফিনল্যান্ডকে, ক্রোয়েশিয়া ২-১ গোলে সুইজারল্যান্ডকে হারিয়েছে।