শেষ মুহূর্তের গোলে চিলিকে হারাল উরুগুয়ে

ম্যাচের একেবারে শেষ মুহূর্তে জালে বল জড়িয়ে বসলেন বদলি নামা মাক্সি গোমেজ। তাতে চিলিকে হারিয়ে কাতার বিশ্বকাপের বাছাই পর্বে শুভ সূচনা করেছে উরুগুয়ে।

বাংলাদেশ সময় শুক্রবার সকালে অনুষ্ঠিত মন্টিভিডিওতে ম্যাচটিতে ২-১ ব্যবধানে হারায় অস্কার তাবারেসের দল। স্বাগতিকদের হয়ে অপর গোলটি করেন লুইস সুয়ারেস।

প্রথমার্ধের নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়া ছয় মিনিট আগে এগিয়ে যায় উরুগুয়ে। স্পট কিক থেকে গোল করেন সুয়ারেস। ডি-বক্সে চিলির ডিফেন্ডার সেবাস্তিয়ান ভেগাসের হ্যান্ড বল হলে ভিএআর দেখে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি।

ম্যাচের ৫৪তম মিনিটে সমতা ফেরায় চিলি। সতীর্থ মিডফিল্ডার চার্লস আরানগিজের রক্ষণচেরা পাসে বল পেয়ে ডি-বক্সের বাঁ দিক থেকে নেওয়া শটে জালে বল জড়ান ফরোয়ার্ড আলেক্সিস সানচেস।

১-১ সমতাতেই এগিয়ে চলছিল লড়াই। বল দখলে উভয় দলের আধিপত্য ছিল প্রায় সমান সমান।

ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে হিসেব ঘুরিয়ে দেন ৮৭তম মিনিটে বদলি নামা মাক্সি গোমেজ। ফ্রি-কিক থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন আক্রমণভাগের এই ফুটবলার।

স্থানীয় সময় আগামী মঙ্গলবার বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইকুয়েডরের মুখোমুখি হবে উরুগুয়ে। একই দিন চিলি নিজেদের মাঠে মুখোমুখি হবে কলম্বিয়ার সঙ্গে।

এদিকে, বাছাই পর্বে শুভ সূচনা করেছে আর্জেন্টিনা। লিওনেল মেসির একমাত্র গোলে নিজেদের মাঠে ইকুয়েডরকে হারিয়েছে তারা দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।