বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবাকে ১৫ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় বাল্যবিয়ের আয়োজন করায় কনের বাবা আজিজুর রহমানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার দুপুরে ওই উপজেলার মহিলা কলেজপাড়া এলাকায় জিনিয়াস কিন্ডার গার্টেন স্কুলের সামনে একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

জানা যায়, কনের বাবা আজিজুর রহমান চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলাতে তার মেয়ের বিয়ে ঠিক করেন। শুক্রবার দুপুরে বরযাত্রী আসার কথা ছিল।

হরিণাকুণ্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সৈয়দা নাফিস সুলতানা জানান, শুক্রবার দুপুরে ওই বাসার ভাড়াটিয়া আজিজুর রহমানের মেয়ে ও ঝিনাইদহ সরকারি কেসি কলেজের এইচএসসির দ্বিতীয় বর্ষের ছাত্রীর বিয়ে হবে, এমন খবরের ভিত্তিতে সেখানে গিয়ে বিয়ে বন্ধ করি। বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৮ এর ধারায় কনের বাবা আজিজুর রহমানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া তিনি কনের বাবা, মা ও চাচার কাছ থেকে পূর্ণ বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার শর্তে মুচলেকা আদায় করেন বলে জানান।