খামের লোগো বদলে ফেলছে জিমেইল

লাল খামের আইকনিক লোগোতে পরিবর্তন আনছে গুগল। নতুন লোগোটি দেখতে ঠিক আগের মতোই ‘এম’ আকারের। তবে তাতে থাকছে প্রতিষ্ঠানটির কোর ব্র্যান্ড কালার্স মানে নীল, লাল, হলুদ ও সবুজের সংমিশ্রণ। গুগল ম্যাপস, গুগল ফটোস, গুগল ক্রোম এবং অন্যান্য গুগল প্রোডাক্টের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্বের সবচেয়ে বড় ই-মেইল পরিষেবাটির নতুন লোগোটি করা হয়েছে। কিছুদিন আগেই ইউজারদের একটি রিসার্চ থেকে গুগল জানতে পারে যে, অনেকেই পছন্দ করছিলেন না সেই লাল রঙের খাম আকারের লোগো। আর তারপরই নতুন লোগো তৈরির সিদ্ধান্ত নেয় সার্চ ইঞ্জিন জায়ান্ট।

লোগোর আকার মানে সেই এম আকৃতি নিয়ে ইউজারদের কোনো আপত্তি নেই। তবে লোগো হিসেবে তাদের কাছে এটি পুরনো লেগেছে। এরপরই গুগল সিদ্ধান্ত নেয়, জিমেইলের লোগোর আকার ঠিক রেখে রং পরিবর্তন করে নতুনভাবে সাজানো হবে। নতুন লোগোতে অনেকটাই লালের ছোঁয়া থাকছে। তবে এম আকারের লোগোতে হলুদ, নীল ও সবুজ রংও মাখানো হয়েছে। যদিও নতুন এই লোগো নিয়ে সমালোচনাও এসেছে। অনেকে আবার বলছেন, ‘ইউজারদের যেখানে লাল রঙের সেই লোগো নিয়ে আপত্তি ছিল, সেই জায়গা এমনই এক লোগো নিয়ে আসা হলো যে, তাদের এখন বুঝতেই অসুবিধা হচ্ছে, কোনটা জিমেইল আর কোনটাইবা গুগল ম্যাপস বা গুগল ফটোস অথবা ক্রোম!’