দিনাজপুরের ফুলবাড়ীতে ব্যাটারিচালিত রিকশা-ভ্যানচালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া, বগুড়ার শেরপুরে বাঙ্গালী নদী থেকে অজ্ঞাত নারীর, সাতক্ষীরায় ধানক্ষেত থেকে নিখোঁজ শিশুর ও সিরাজগঞ্জের শাহজাদপুরে বড়াল নদী থেকে অজ্ঞাত তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর :
দিনাজপুর : ফুলবাড়ী উপজেলায় হাছেন বাবু (৩২) নামের ব্যাটারিচালিত রিকশা-ভ্যানচালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের বলিভদ্রপুর মাঠের ধানক্ষেতে এই হত্যাকা- ঘটে। গতকাল শুক্রবার সকাল ১০টায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। হাছেন বাবু উপজেলার বেতদিঘী ইউনিয়নের সৈয়দপুর দক্ষিণপাড়ার আবদুর রশিদের ছেলে।
ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) হাছান মাহমুদ জানান, বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তরা ভ্যানচালক হাছেন বাবুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। তার শরীরে একাধিক ক্ষতের চিহ্ন পাওয়া গেছে।
হাছেনের বোন রশিদা বেগম বলেন, ‘বৃহস্পতিবার বিকেলে হাছেন ভ্যান নিয়ে বের হওয়ার পর আর বাড়ি ফিরে আসেনি। শুক্রবার সকালে লোকমুখে খবর পাই তাকে কে বা কারা গলা কেটে হত্যা করেছে।’ হাছেনের বড় ভাই ইয়ানুর গত বছর সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন হাছেন।
বগুড়া : শেরপুরে বাঙ্গালী নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টায় উপজেলার খানপুর ইউনিয়নের চৌবাড়িয়া গুচ্ছগ্রামসংলগ্ন বাঙ্গালী নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গুচ্ছগ্রামের বাসিন্দারা শুক্রবার সকালে বাঙ্গালী নদীর কচুরিপানার মধ্যে কালো রঙের বোরকা পরিহিত এক নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। আনুমানিক ৩৫ বছর বয়সী ওই নারীর দুই পা বাঁধা এবং গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেওয়া ছিল। এ ছাড়া তার পায়ের স্যান্ডেল ও ভ্যানিটি ব্যাগ এক হাতের সঙ্গে বাঁধা ছিল।
সাতক্ষীরা : সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ঝিটকি গ্রামের ধানক্ষেত থেকে এক শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। শিশু হৃদয় মন্ডল (১০) গত বৃহস্পতিবার বিকেল থেকে নিখোঁজ ছিল।
সাতক্ষীরা সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, হৃদয় ঝিটকির কৃষক বিকাশ ও অঞ্জনা মন্ডল দম্পতির বড় ছেলে এবং ঝিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। গত বৃহস্পতিবার বিকেলে প্রাইভেট পড়ে আসার পর থেকে সে নিখোঁজ ছিল।
সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দিন জানান, ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। তার পেটে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সিরাজগঞ্জ : শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরাচিথুলিয়া নতুন বাজারের উত্তরে বাঘাবাড়ী-নিমাইচরা বাঁধের পাশের বড়াল নদীর তীর থেকে পুলিশ গতকাল শুক্রবার ভোরে অজ্ঞাত যুবকের (৩৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে।
এলাকাবাসী জানায়, লাশ প্রাপ্তিস্থানের অদূরেই প্রতিদিন লাখ লাখ টাকার জুয়া খেলা হয়। তাদের ধারণা, দূর থেকে আসা ওই যুবকের সঙ্গে জুয়ার টাকার ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে জুয়াড়িরা তাকে হত্যার পর লাশ পানিতে ফেলে দিয়েছে।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি (তদন্ত) ফজলে আশিক জানান, নেভি ব্লু রংঙের থ্রি-কোয়ার্টার প্যান্ট পরা লাশটি বালুচরে পড়ে ছিল। তার শরীরে একাধিক ক্ষত চিহ্ন রয়েছে।