মেসির কষ্ট বোঝেন সুয়ারেজ

শুক্রবারের ম্যাচে চিলির বিপক্ষে গোল পেয়েছেন সুয়ারেজ। ২-১ গোলে জেতা ম্যাচ শেষে তাকেই আসতে হয়েছিল সংবাদ সম্মেলনে। সেখানে আগের কথা প্রসঙ্গে সুয়ারেজ বলেন, ‘মেসি যে দুঃখ পাবে এটা নিয়ে আমি বিস্মিত হইনি। কারণ, জানতাম তার মনে আঘাত লাগবে। কারণ, ওকে আমি চিনি। ওর কেমন লাগতে পারে সেটাও বুঝি। মেসির কাছে মনে হয়েছে বার্সা আমাকে লাথি মেরে বের করেছে। তাই মেসির দুঃখটা একটু বেশি।’

আর বার্সার ওই তিক্ত অধ্যায় নিয়ে এদিন মনের আগল খুলে সুয়ারেজ বলছিলেন, ‘মেসি মনে করে অন্য অনেকভাবেই আমার সঙ্গে সম্পর্ক শেষ করতে পারত বার্সা কিন্তু যেভাবে করেছে সেভাবে নয়। মেসি দেখেছে ওরা আমাকে আলাদা অনুশীলন করতে বলেছে। অনেক দিন আমি একাই অনুশীলন করেছিলাম, কারণ ওরা আমাকে চায় না। ছয় বছর ক্লাবটির সঙ্গে কাটানোর পর এটা আমার প্রাপ্য ছিল না, ব্যাপারটা মেসিও জানে। যেই সময়টা পার করেছি এর জন্য আমি কেঁদেছিলামও।’