আইপিএলে ব্যর্থ ধোনির মেয়েকে ধর্ষণের হুমকি

সংযুক্ত আরব আমিরাতে চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টিতে আশানুরূপ পারফর্ম করতে পারছেন না মহেন্দ্র সিং ধোনি। তাতে চেন্নাই সুপার কিংসের অধিনায়কের প্রতি ক্ষোভের শেষ নেই সমর্থকদের। একজন ক্ষুব্ধ হয়ে ফেসবুক ও টুইটারে ধোনির মেয়েকে ধর্ষণের হুমকি পর্যন্ত দিয়েছেন!

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে হারের পর ইনস্টাগ্রাম, টুইটারে এবং ফেসবুক পোস্টে ধোনিকে ওই হুমকি দেওয়া হয়। স্পষ্ট লেখা হয়েছে, “তেরি বেটি জিভাকা রেপ করু?”

গত বুধবার কলকাতা নাইট রাইডার্সের কাছে চেন্নাইয়ের ১০ রানে হারের পর দলটির অধিনায়ক ধোনি ও কেদার যাদবকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ট্রল করা হয় হয়। ধোনিকে বুড়ো বলে এবং কেদার যাদবকে কুকুরের সঙ্গে তুলনা করে ভরিয়ে দেওয়া হয় একাধিক সোশ্যাল সাইট।

সেই কদর্য আক্রমণে টেনে আসা হয়েছে টিম ইন্ডিয়ার সাবেক অধিনায়কের পরিবারকেও। হুমকি দেওয়া হয়েছে তার পাঁচ বছরের কন্যা জিভাকেও। ছোটখাটো হুমকি নয়! ফুলের মতো ছোট্ট সেই শিশু জিভাকে ধর্ষণ এবং জঘন্য ভাবে শারীরিক নির্যাতনের হুমকি দেওয়া হয়েছে।

জিভার ‘অপরাধ’, কেকেআরের বিপক্ষে ব্যাট হাতে তার বাবাকে পুরোনো মেজাজে দেখা যায়নি। ‘ফিনিশার’ ধোনি ম্যাচ জিতিয়ে ফিরতে পারেননি।

এমন কাণ্ডের পরই নেটপাড়ার একটা বিরাট অংশ ক্ষোভে ফেটে পড়েছে। জঘন্য সেই কমেন্টের স্ক্রিনশট দিয়ে কেউ লিখছেন- “দেশটা কোথায় যাচ্ছে বুঝতে পারছেন?” কেউ আবার লিখছেন, “নৈতিক ভাবে মৃত এবং ক্ষয়িষ্ণু একটা জাতি।”

কেউ আবার এমনও লিখছেন, “কেদার খারাপ খেলেছে। তাই আমি তাঁকে ট্রোল করেছিলাম, আর সেটা খুবই হালকা ভাবে। কিন্তু ধোনির খারাপ পারফরম্যান্সের জন্য তার মেয়েকে এই দেশেরই কেউ ধর্ষণের হুমকি দিচ্ছে! ছিঃ! নিজেকে ভারতীয় ভাবতে এখন ঘেন্না করছে।”