করোনা পরিস্থিতিতে সাত মাস পর কুমিল্লায় মঞ্চায়িত হয়েছে নাটক। গত শুক্রবার সন্ধ্যায় কুমিল্লা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘রেপার্টরী গার্ডেন থিয়েটার’ মঞ্চস্থ করেছে নাটক ‘গল্পকথা’। এটি নাট্যদলটির প্রথম প্রযোজনা।
আতিকুর রহমান সুজনের রচনা ও নির্দেশনায় নাটকটিতে অভিনয় করেছেন সুজন, ইফতেখার হোসেন, মোহাম্মদ আব্দুল হান্নান, খাইরুল বাশার বাঁধন, পানসী প্রমুখ। মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন ওমর ফারুক, পোশাক পরিকল্পনা করেছেন সম্পা রাণী সিংহ ও মারিয়া আক্তার।
নাটকের নির্দেশক আতিকুর রহমান সুজন বলেন, ‘এই নাটকের গল্পটি খুবই পরিচিত। এক বৃদ্ধা তার জন্মদিনে সবাইকে গল্প শোনায়। তার জীবনের গল্পের মধ্য থেকেই উঠে আসে এক জীবনের হাহাকার, এ যেন সবার গল্প।’