টি-টোয়েন্টি ক্রিকেটের চূড়ান্ত রোমাঞ্চ আরো একবার টের পাওয়া গেল আইপিএলে। শনিবার আবুধাবিতে রুদ্ধশ্বাস ম্যাচে কিংস ইভেলেন পাঞ্জাবকে ২ রানে হারাল কলকাতা নাইট রাইডার্স।
জয়ের জন্য শেষ ওভারে পাঞ্জাবের দরকার ছিল ১৪ রান। তারা ৫ বলে ৭ রান তুলতে পারে। শেষ বলে ছক্কা মারলে ম্যাচ গড়াত সুপার ওভারে। কিন্তু গ্লেন ম্যাক্সওয়েলের নেওয়া শট বাউন্ডারি লাইনের মাত্র কয়েক সেন্টিমিটার ভেতরে ড্রপ করে বাইরে চলে যায়। তৃতীয় আম্পায়ার বারবার রিপ্লে দেখে ঘোষণা করেন, শটটিতে চার রান পাবে পাঞ্জাব। ফলে কলকাতা কার্যত হারা ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে আসে।
জয়ের জন্য ১৬৫ রানের লক্ষ্য সামনে নিয়ে ব্যাট করতে নেমে পাঞ্জাব একসময় কোনো উইকেট না হারিয়ে ১১৫ রান তুলে ফেলে। তারা ১ উইকেট হারিয়ে ১৪৪ রান পর্যন্ত পৌঁছে যায়।
কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণার করা ১৯তম ওভারে দুটি উইকেটই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। শেষ পর্যন্ত পাঞ্জাব আটকে যায় ৫ উইকেটে ১৬২ রানে।
পাঞ্জাবের পক্ষে সর্বোচ্চ ৭৪ রান করেন অধিনায়ক লোকেশ রাহুল। তার ৫৮ বলের ইনিংসে ছিল ৬ চার। আরেক ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ৩৯ বলে ৬ চার ও ১ ছক্কায় ৫৬ রান করেন।
কলকাতার পক্ষে প্রসিদ্ধ কৃষ্ণা সর্বাধিক ৩ উইকেট নিয়েছেন। ২ উইকেট নেন সুনিল নারিন।
কলকাতা প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৬৪ রান তোলে। দিনেশ কার্তিক ২৯ বলে ৮ চার ও ২ ছক্কায় সর্বোচ্চ ৫৮ রান করেন। শুভমান গিল করেন ৫৭ রান। এ ছাড়া ২৪ রান আগে ওয়েন মরগ্যানের ব্যাট থেকে। ম্যাচসেরা হয়েছেন কার্তিক।