ফের প্রশ্নবিদ্ধ নারিনের বোলিং অ্যাকশন

সুনিল নারিনের বোলিং অ্যাকশন নিয়ে আবারো প্রশ্ন উঠল। আইপিএলে শনিবার কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগে কলকাতা নাইট রাইডার্স তারকার বিরুদ্ধে রিপোর্ট করেছেন আম্পায়াররা।

শনিবার রাতে আইপিএল টুর্নামেন্ট কমিটির পক্ষে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে আপাতত টুর্নামেন্টে বল করতে পারবেন নারিন।

পাঞ্জাবের বিপক্ষে কলকাতার জয়ের অন্যতম নায়ক ছিলেন নারিন। ৪ ওভার বল করে ২৮ রান খরচায় নেন ২ উইকেট। শেষ ওভারে পাঞ্জাবের জয়ের জন্য ১৪ রান দরকার ছিল। নারিন বল হাতে নেন। খরচ করেন ১১ রান, তুলে নেন ১ উইকেট। তাতে ২ রানে জয় পায় কলকাতা।

তবে ম্যাচের পর অনফিল্ড আম্পায়ার তার বিরুদ্ধে অভিযোগ আনেন। আপাতত সতর্কতার তালিকায় থাকছেন ক্যারিবিয়ান তারকা। তাই টুর্নামেন্টে বল করতে অসুবিধা নেই। তবে এই টুর্নামেন্টে আবারো অভিযুক্ত হলে সে ক্ষেত্রে বোলিংয়ে নিষিদ্ধ হবেন তিনি।

এর আগেও বেশ কয়েকবার নারিনের অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে। শাস্তি হিসেবে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধও হয়েছিলেন। ২০১৪ সালে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি টুর্নামেন্টে নারিনের বোলিং অ্যাকশন দুইবার পড়ে সন্দেহের তালিকায়। যে কারণে ওই টুর্নামেন্টে নিষিদ্ধ হন।

নিষেধাজ্ঞার কারণে ২০১৫ বিশ্বকাপেও জাতীয় দলে জায়গা হয়নি নারিনের। বিশ্বকাপের পর অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন। কিন্তু ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপও তার খেলা হয়নি অ্যাকশন নিয়ে ফের প্রশ্ন ওঠায়। ২০১৮ সালে পাকিস্তান সুপার লিগে খেলার সময়ও নারিনের অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছিল।