গিনেস বুকে সৌদি মরূদ্যান আল আহসা

সৌদি আরবের আল আহসা মরূদ্যান বিশ্বের সর্ববৃহৎ মরূদ্যান হিসেবে গিনেস রেকর্ডে অন্তর্ভুক্ত হয়েছে। গত অক্টোবর এক টুইট বার্তায় এ কথা জানান সৌদি আরবের সংস্কৃতিবিষয়ক মন্ত্রী প্রিন্স বদর বিন আবদুল্লাহ বিন ফারহান আল সাউদ।

গিনেস ওয়েবসাইট জানায়, সৌদি আরবের আল আহসা পৃথিবীর সর্ববৃহৎ মরূদ্যান। এটি সৌদির দক্ষিণ-পূর্ব প্রান্তে অবস্থিত। ৮৫ দশমিক ৪ স্কয়ার কিলোমিটারের বেশি এরিয়ার মরূদ্যানটিতে আড়াই মিলিয়ন খেজুরগাছ বিদ্যমান।

এর আগে জাতিসংঘের বিশ্ব ঐতিহ্য সংস্থা ইউনেস্কো ঘোষিত আন্তর্জাতিক সাংস্কৃতিক ঐতিহ্যের অন্তর্ভুক্ত ছিল। পৃথিবীর প্রাচীন মরূদ্যানগুলোর অন্যতম এটি। খ্রিস্টপূর্ব পাঁচ হাজার বছর আগে এর যাত্রা শুরু হয়। ইতিহাসের পরিক্রমায় আল আহসা মরূদ্যানে নানা রকম চাষাবাদ হতো। ২০১৫ সালে আল আহসা মরূদ্যানটি ইউনেস্কো ঘোষিত হস্তশিল্প ও লোকশিল্পের আওতায় সৃজনশীল নগর তালিকাভুক্ত হয়। ২০১৯ সালে আল আহসা আরব পর্যটনের রাজধানী হিসেবে স্বীকৃতি পায়।

- সৌদি গেজেট