গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উলুসারা এলাকায় এফবি ফুটওয়ার নামের জুতা তৈরি কারখানায় অগ্নিকাণ্ডে এক নারীর মৃত্যু হয়েছে। রবিবার সকালে তার লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা।
তার নাম গোলাপী আক্তার (৩৩)। তিনি কুড়িগ্রামের চিলমারি উপজেলার বারাবাড়ির হাট সরদারপাড়া গ্রামের আইনুল হোসেনের স্ত্রী। গোলাপী এই কারখানায় আউট সোল হেলপার হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার বিকেলে লাগা আগুন আট ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। রবিবার সকালে দমকল বাহিনীর কর্মীরা নিখোঁজ এক নারীর দগ্ধ লাশ উদ্ধার করেছে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শনিবার এক নারী শ্রমিক নিখোঁজ ছিলেন।
রবিবার সকালে ওই নিখোঁজ নারী শ্রমিকের মরদেহ কারখানার ভেতর থেকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ফায়ার সার্ভিসের ঢাকা জোন কমান্ডার তানহারুল ইসলাম সাংবাদিকদের জানান, শনিবার বিকেল ৪টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের আটটি ইউনিট মধ্যরাতে নিয়ন্ত্রণে নিয়ে আসলেও রবিবার সকালেও ধ্বংসস্তূপ থেকে ধোঁয়ার কুণ্ডলী বের হতে দেখা গেছে।