সাবেক রঞ্জি খেলোয়াড় সুরেশ কুমারের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে ৪৭ বছর বয়সী ভারতের এই সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটারের মৃতদেহ উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক ধারণা এটি আত্মহত্যা।
সুরেশ জুনিয়র লেভেলে খেলেছেন ভারতের অন্যতম সেরা তারকা, কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের সঙ্গে। বেশ কিছুদিন ড্রেসিংরুম শেয়ার করেছেন তারা। দ্রবিড়ের অনূর্ধ্ব-১৯ দলের সতীর্থ ছিলেন সুরেশ।
পিটিআইকে পুলিশ জানিয়েছে, কেরালার আলাপুঝায় নিজের বাড়িতে শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে সুরেশের স্ত্রী ও ছেলে তার ঝুলন্ত দেহ দেখতে পান।
কেরালার হয়ে রঞ্জি ট্রফি খেলা সুরেশ ভারতীয় রেলে কর্মরত ছিলেন। কেরালা ছাড়াও রেলওয়েজের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। ৭২টি প্রথম শ্রেণির ক্রিকেট ম্যাচ খেলেছেন। ১৯৯১-২০০৫ সাল পর্যন্ত মোট ১৯৬ টি উইকেট নিয়েছেন এই বাঁ-হাতি স্পিনার।
পাশাপাশি, ভালো ব্যাটসম্যান হিসেবেও তিনি পরিচিত ছিলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তার একটি সেঞ্চুরিও রয়েছে। নামের পাশে রয়েছেন ৫১টি লিস্ট এ ম্যাচ।