পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বৈশ্বিক মহামারীকালে স্বাস্থ্যবিধি মেনে আসন্ন দুর্গোৎসব উদযাপনের জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, জীবন রক্ষা করেই আমাদের সব ধরনের কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।
দুর্গাপূজা-২০২০ উদযাপন উপলক্ষে গতকাল রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে ১২৯টি সর্বজনীন পূজামন্ডপে বড়লেখা উপজেলা প্রশাসনের ৫০০ কেজি করে মোট ৬৪ দশমিক ৫০০ মেট্রিক টন চালের ছাড়পত্র (ডিও) প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে অসহায় ও কর্মহীন ২০০ পরিবারের মধ্যে চাল, ডাল, লবণ, চিনি, নুডলস ও সয়াবিন তেল বিতরণ করা হয়।
বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার শামীম আল ইমরানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজউদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উবায়েদ উল্লাহ খান ও বড়লেখা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিধান চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন।