হাসপাতাল নির্মাণে ছয়টি সম্ভাব্য স্থানের প্রস্তাব চসিকে

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) কর্তৃপক্ষকে বন্দর এলাকায় মাতৃসদন কাম জেনারেল হাসপাতাল নির্মাণে সম্ভাব্য ৬টি স্থানের প্রস্তাবনা দিয়েছে ‘নাগরিক উদ্যোগ’ নামে একটি সংগঠন। গতকাল রবিবার সকালে চসিক প্রশাসক মো. খোরশেদ আলম সুজনকে এসব প্রস্তাবনা দেওয়া হয়।

প্রস্তাবিত হাসপাতালের জন্য সম্ভাব্য ছয়টি স্থান হলো নগরীর বন্দরটিলাস্থ টিসিবি ভবনের পেছনের মাঠ, পুরাতন পোর্ট মার্কেট সংলগ্ন রেললাইনের উত্তর পাশে, সল্টগোলা রেলক্রসিং আজাদ কলোনি মাঠ, নিমতলা ট্রাক টার্মিনালের অপরপাশে, আউটার রিং রোডের পূর্ব পাশে বা কান্ট্রি সাইটে আনন্দবাজার থেকে ধুমপাড়া পর্যন্ত ব্যক্তিমালিকানাধীন এবং বড় বড় সরকারি খালি ভূমি এবং র‌্যাব-৭ সংলগ্ন এলাকায় ‘নারী প্রজেক্ট’।

এ বিষয়ে চসিক প্রশাসক মো. খোরশেদ আলম সুজন বলেন, বন্দর এলাকায় একটি মাতৃসদন কাম জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠা করার জন্য গত ৩ সেপ্টেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব আবদুল মান্নানের কাছে উপানুষ্ঠানিক পত্রের মাধ্যমে একটি অফিসিয়াল প্রস্তাব পাঠাই। এই প্রস্তাবনার প্রেক্ষিতে গত ৩০ সেপ্টেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রস্তাবিত হাসপাতালের বাস্তবায়ন ও প্রয়োজনীয় ভূমি চিহ্নিত করতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করে দেন।