গৃহবধূর গোসলের নগ্ন ভিডিও ধারণের অভিযোগে যুবক গ্রেপ্তার

জয়পুরহাট পৌর শহরের সবুজ নগর এলাকায় গোসলখানার ভেন্টিলেটর দিয়ে এক গৃহবধূর (২৪) গোসল করার নগ্ন ভিডিও দৃশ্য ধারণ করে ব্ল্যাকমেল করার অভিযোগে সোহেল রানা (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত হলেন শহরের পাঁচুরচক সোনারপাড়া এলাকার আবেদ আলীর ছেলে। তার বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, গত ১০ অক্টোবর সকাল ৮টার দিকে শহরের সবুজনগর এলাকার এক গৃহবধূ তার নিজ বাড়িতে গোসলখানায় গোসল করছিলেন।

এ সময় সোহেল রানা ভেন্টিলেটর দিয়ে গোপনে তার মোবাইল ফোন দিয়ে নগ্ন গোসল করার দৃশ্য ভিডিও ধারণ করেন। তখন ওই গৃহবধূ বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে তিনি পালিয়ে যান। রাতে তার স্বামী কর্মস্থল থেকে ফিরে আসলে ঘটনাটি তাকে জানান।

স্বামী বিষয়টি কাউকে না জানানোর জন্য বলেন। পরে গত ১১ অক্টোবর রাত ৯টার সময় বাড়িতে অন্য সদস্যরা ছিল না। তখন গৃহবধূর ঘরের জানালায় এসে সোহেল তার মোবাইল থেকে নগ্ন ভিডিও দেখান। ওই গৃহবধূকে অনৈতিক প্রস্তাব দেন।

তার প্রস্তাবে রাজি না হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেল করেন। তখন গৃহবধূ সুকৌশলে তাকে দাঁড়িয়ে রেখে তার স্বামীকে মোবাইল ফোনে খবর দেন। স্বামী খবর পেয়ে দ্রুত বাড়িতে এসে প্রতিবেশীদের সহযোগিতায় সোহেল রানাকে ধরে ফেলে এবং স্থানীয় জনপ্রতিনিধির কাছে নিয়ে যান।

তারা স্মার্ট ফোনের নগ্ন ভিডিও দেখে থানায় খবর দিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে গৃহবধূর স্বামী বাদী হয়ে সোহেল রানাকে আসামি করে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেন।

জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহরিয়ার খাঁন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গৃহবধূর স্বামী বাদী হয়ে সোহেল রানার বিরুদ্ধে পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের হয়েছে। তাকে সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হবে।