আশুলিয়ায় ভাতিজার হামলায় আহত চাচার মৃত্যু

আশুলিয়ায় রাস্তা নিয়ে বিরোধের জেরে ভাতিজার হামলায় আহত চাচা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রবিবার রাত সাড়ে ১১টার দিকে মোহাম্মদপুরের নূরজাহান মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে গত শুক্রবার আশুলিয়ার তাজপুর এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

নিহত আফাজ উদ্দিন পলান (৭৫) তাজপুর এলাকার রহিম উদ্দিন পলানের ছেলে।

পুলিশ জানায়, গত শুক্রবার আশুলিয়ার তাজপুর এলাকায় রাস্তা নিয়ে বিরোধের জেরে চাচা আফাজ উদ্দিন পলানের উপর হামলা চালায় ভাই মহসিন পলান, তার ছেলে ফেরদৌস ও স্ত্রী ফিরোজা বেগম।

এতে আফাজ উদ্দিন পলান গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে প্রথমে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর তাকে মোহাম্মদপুরের নুরজাহান মেডিকেলে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক নাছির উদ্দিন জানান, ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।