করোনাকালে ছাদ বাগানের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে। ফলে গাছগাছালির চারার চাহিদাও বেড়েছে। নার্সারিতে সহজে মেলে যে কোনো ফুল-ফলের চারা। ফলে বিক্রিও বেড়েছে নার্সারিতে।
নাগরিক জীবনে সবুজের প্রতি আকৃষ্ট হচ্ছে মানুষ। নার্সারি ব্যবসাও বাড়ছে। এ ব্যবসায় যুক্ত হচ্ছেন তরুণ উদ্যোক্তারাও। আসুন জেনে নিই, নার্সারি ব্যবসায় সফল হতে হলে কী করতে হবে।
স্থান নির্বাচন
নার্সারি তৈরির জন্য সঠিক স্থান নির্বাচন গুরুত্বপূর্ণ। সেটি হওয়া উচিত কোনো মহাসড়ক, শহর বা বাজারের আশপাশে। যাতে নার্সারিটি খুঁজে বের করতে ক্রেতাদের কোনো অসুবিধা না হয়। যেখানে উঁচু জমি সহজে পাওয়া যায় এবং জমির দামও তুলনামূলকভাবে কম অথচ যোগাযোগ ব্যবস্থা ভালো এমন স্থান নির্বাচন করতে হবে।
মাটি ও আলো-বাতাস
আলো-বাতাস প্রবেশ করতে পারে এমনভাবে নার্সারি প্রতিষ্ঠা করতে হবে। এ ছাড়া নার্সারির মাটি হতে হবে অত্যন্ত উর্বর। সব সময় অতিরিক্ত আর্দ্র ও স্যাঁতসেঁতে আবহাওয়া নার্সারির জন্য ক্ষতিকর। নার্সারি অবশ্যই উঁচু জায়গায় হতে হবে যেন বন্যা বা বৃষ্টির পানি সেখানে প্রবেশ করতে না পারে। নার্সারির মাটি সুনিষ্কাশিত হওয়া প্রয়োজন যাতে অতিবৃষ্টিতে বীজতলা বা নার্সারি বেডে পানি জমে না থাকে।
পানির সহজলভ্যতা
নার্সারিতে সব সময় পানির প্রয়োজন হয়, ফলে পানির উৎস থেকে নার্সারির দূরত্ব বা সেচ-সুবিধা আছে কিনা সেটি বিবেচনায় আনতে হবে। নার্সারিতে পানি সেচের উন্নত ব্যবস্থা থাকা প্রয়োজন।
যন্ত্রাদি ও অন্যান্য দ্রব্যাদি সংগ্রহকরণ
নার্সারির কাজে ব্যবহৃত বিভিন্ন যন্ত্রাদি যেমন- কোদাল, ট্রাওয়েল, গার্ডেন ফর্ক, বাডিং নাইফ, সিকেচার, প্রুনিং শিয়ার, করাত, ব্যালেন্স, ডিবলার, হেজ কাটার ও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যাদি সংগ্রহ করতে হবে। এসব যন্ত্র ও দ্রব্যের সঠিক ব্যবহারও জানতে হবে
অবকাঠামো নির্মাণ
লে-আউট অনুযায়ী নার্সারিতে অফিস ও অন্যান্য প্রয়োজনীয় ঘরবাড়ি পর্যায়ক্রমে তৈরি করে নিতে হবে। শো-রুম, সেলস কাউন্টার, স্টোর রুম, ওয়াকিং শেড, নেট হাউস, কম্পোস্ট শেড, পলিটানেল ও অন্য অংশ যেমন- নার্সারিকে ব্লকে বিভক্ত করণ, সিডবেড, পট ইয়ার্ড, পার্কিং ইয়ার্ড, পার্কিং প্লেস, সেচ ও নিকাশ নালা, গভীর ও অগভীর নলকূপ, পরিদর্শন রাস্তা, চৌবাচ্চা, মাড়াই চত্বর ইত্যাদির অবস্থান চিহ্নিত করে সেগুলো প্রস্তুত করতে হবে।
পশুর উপদ্রব রোধ
বিভিন্ন পশুর উপদ্রব থেকে চারা ও কলমকে রক্ষা করার জন্য নার্সারির চতুর্দিকে বেড়া দেওয়া প্রয়োজন। ইট-বালু-সিমেন্টের দেয়াল, লোহার জালের বেড়া, জীবন্ত গাছের বেড়া, কাঁটাতারের বেড়া, বাঁশের বেড়া ইত্যাদি দেয়া যেতে পারে।
জনবল নিয়োগ
নার্সারি সম্পর্কে জানাশোনা ও অভিজ্ঞতা আছে এমন লোকবল নিয়োগ করতে হবে। ম্যানেজার, দক্ষ মালি ও শ্রমিক, পাহারাদার ও অন্যান্য প্রয়োজনীয় জনবল থাকলে ব্যবসা করতে সুবিধা হবে।
ব্র্যান্ডিং ও প্রচারণা
নার্সারির একটি সুন্দর নামকরণ করতে হবে এবং সামনে সুবিধামতো স্থানে আকর্ষণীয় একটি সাইনবোর্ড লাগাতে হবে। অনলাইনে প্রচারণা চালানো গুরুত্বপূর্ণ। সামাজিক যোগাযোগমাধ্যমে নানাভাবে আপনার নার্সারির ব্র্যান্ডিং করতে পারেন।
পড়ুন:
অনলাইনে টি-শার্ট ব্যবসায় সফল হতে যা করবেন
ফাস্ট ফুড ব্যবসায় সফল হতে চাইলে যা করতে হবে