আধুনিক জীবনের সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে ফাস্ট ফুডের চাহিদা। সেই চাহিদা পূরণ করছে রেস্টুরেন্ট বা ফাস্ট ফুডের দোকানগুলো। সাম্প্রতিক বছরগুলোতে তরুণ উদ্যোক্তাদের পছন্দের শীর্ষে আছে এ ব্যবসা।
যে কোনো ব্যবসার জন্য বিনিয়োগ বা মূলধনই হচ্ছে প্রধান শক্তি। তবে বিনিয়োগের বাইরে এমন কিছু অপরিহার্য বিষয় আছে, যেগুলো ছাড়া ব্যবসায় সফল হওয়া সম্ভব হয় না।
আসুন জেনে নিই ফাস্ট ফুড শুরু করতে কোন বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে আপনাকে।
১. রেস্টুরেন্টের জন্য জায়গা নির্বাচন
রেস্টুরেন্টের জন্য ভালো একটা জায়গা নির্বাচন করা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। এমন জায়গায় আপনার রেস্টুরেন্ট হতে হবে যাতে এটির প্রতি কাস্টমারদের আকর্ষণ তৈরি হয়। তারা যাতে সহজে আপনার রেস্টুরেন্টে আসতে যেতে পারে। কাস্টমার বেশি পাওয়া যায় এমন জায়গা যেমন কোনো কলেজ, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস বা হলের আশেপাশে আপনার রেস্টুরেন্ট হতে পারে। কোনো সুপারমার্কেটেও রেস্টুরেন্টের জন্য জায়গা নিতে পারেন আপনি।
২. প্রয়োজনীয় লাইসেন্স ও অনুমতি সংগ্রহ
ব্যবসা শুরুর আগে সরকারি কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন হবে আপনার। যেমন, ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স, হেলথ সার্টিফিকেট, ভ্যাট সার্টিফিকেট, সিটি কর্পোরেশনের অনুমোদন-এসব কাগজপত্র লাগবে আপনার। তাহলে আইনসম্মতভাবে ব্যবসা শুরু করতে আর কোনো বাধা থাকবে না।
৩. রেস্টুরেন্টের পরিবেশ
রেস্টুরেন্টের পরিবেশ যতবেশি সুন্দর, আকর্ষণীয় ও মনোরম হবে কাস্টমাররা সেখানে আসতে চাইবে বেশি বেশি। নানা থিম, আইডিয়া ও ডিজাইন দিয়ে সাজাতে পারেন আপনার রেস্টুরেন্ট। আপনার কর্মীরা যাতে কাস্টোমারদের সঙ্গে ভালো ব্যবহার করে সেদিকে লক্ষ্য রাখতে হবে। খাবার পরিবেশন করতে যাতে বেশি দেরি না হয়ে সেটিও খেয়াল রাখতে হবে।
৪. প্রচারণা, ব্রান্ডিং ও মার্কেটিং
আপনার রেস্টুরেন্ট সম্পর্কে প্রচারণার দিকে গুরুত্ব দিতে হবে। যত বেশি মানুষের কাছে সম্ভব পৌঁছে দিতে হবে রেস্টুরেন্টের নাম। রেস্টুরেন্টের নাম, লোগো হতে হবে কাস্টমারকে কাছে টানে এমন কিছু। পত্রিকা, অনলাইনে বিজ্ঞাপন দিতে পারেন, ফেসবুকে গ্রুপ খুলে চালাতে পারেন প্রচারণা।
৫. কাস্টমারদের চাহিদা
কাস্টমারদের চাহিদাকে গুরুত্ব না দিলে কোনোভাবেই আপনার ফাস্টফুড ব্যবসা দাঁড়াবে না। কাস্টমারের সন্তুষ্টি আপনার ব্যবসার অন্যতম মূলধন। কোন কাস্টোমার কেমন খাবারের প্রতি আগ্রহী সে বিষয়ে জেনে নিতে হবে আপনাকে। তাদের চাহিদা সম্পর্কে জানতে অফলাইন-অনলাইনে নানা সার্ভে চালাতে পারেন।
৬. মানসম্মত ও পরিচ্ছন্ন খাবার
এখন ফাস্ট ফুড ব্যবসার ছড়াছড়ি। বিনিয়োগেরও কমতি নেই। কিন্তু সবাই কি সমানভাবে কাস্টমারদের সন্তুষ্টি অর্জন করতে পারছে? মানসম্মত ও পরিচ্ছন্ন খাবার পরিবেশন না করলে কাস্টমার আপনার রেস্টুরেন্টের দিকে ফিরেও তাকাবে না। নিজে ভোক্তা হলে কেমন কেমন খাবার খেতে চান, সেদিকে খেয়াল রেখে খাবারের গুণগত মান ঠিক রাখতে হবে। পুরোনো, বাসি, পচা ও নষ্ট খাবার পরিবেশন থেকে বিরত থাকতে হবে।
