বাসায় ডেকে তরুণীকে ধর্ষণ, নারীসহ গ্রেপ্তার ২

আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় চাকরি দেওয়ার কথা বলে ডেকে নিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে  তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন, আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আবদুর রাশিদ। 

এর আগে রবিবার রাতে ভুক্তভোগী তরুণীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে পলাশবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, গাইবান্ধা জেলার সদর থানা এলাকার আবদুল আজিজের ছেলে মামুন (৩০), ও তার বোন আঞ্জু বেগম। তারা ওই এলাকায় ভাড়া থেকে পোশাক কারখানায় চাকরি করতেন বলে জানিয়েছে পুলিশ।

ভুক্তভোগীর বরাত দিয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল জানান, ভুক্তভোগী ওই তরুণী সম্প্রতি চাকরি নেওয়ার জন্য আশুলিয়ার পলাশবাড়ি এলাকার তার বোনের বাসায় আসেন। এরই সুবাদে বাসে পরিচয় হয় অভিযুক্ত আঞ্জু বেগমের সঙ্গে। পরিচয়ের সূত্র ধরে আঞ্জু বেগম ভুক্তভোগী তরুণীকে চাকরী দেওয়ার কথা বলে গত ৮ অক্টোবর তার ভাড়া বাসায় নিয়ে যায়। সেখানে ওই তরুণীকে জোর করে ধর্ষণ করে আঞ্জুর ভাই মামুন। ঘটনাটি জানাজানি হলে ভুক্তভোগীকে নানাভাবে হুমকি দেয় অভিযুক্তরা। পরে পরিবারের সঙ্গে কথা বলে ১০ অক্টোবর আশুলিয়া থানায় লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী।

আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) আবদুর রাশিদ জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে রবিবার রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তদের আটক করা হয়। পরে সকালে মামলা দায়ের হলে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়।