সাবিনার বাবার মৃত্যুতে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর শোক

জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুনের বাবা সৈয়দ আলি গাজী সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় সাতক্ষীরার নিজ বাসায় ইন্তেকাল করেছেন। সাবিনার বাবার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি।

প্রতিমন্ত্রী এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, সাবিনার বাবা লিভার সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি স্ত্রী ও পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার সকালে মরহুমের দাফন সম্পন্ন হবে।