হবিগঞ্জে অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজি

মেয়র ও উপজেলা চেয়ারম্যান সমর্থকদের মধ্যে উত্তেজনা

সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে হবিগঞ্জ পৌর মেয়র ও হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। গত দুদিন ধরে পৌর আওয়ামী লীগের দুই নেতার পক্ষের সমর্থকরা প্রতিপক্ষকে চাঁদাবাজ উল্লেখ করে মিছিল-পাল্টামিছিল, সমাবেশ করছেন।

গত ৭ অক্টোবর সকালে হবিগঞ্জ শহরের মুক্তিযোদ্ধা চত্বরে সড়ক অবরোধ করেন অটোরিকশা শ্রমিকরা। এতে শহরের প্রধান সড়কে কয়েক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। শ্রমিকদের অভিযোগ, পৌর মেয়র মিজানুর রহমান অটোরিকশা স্ট্যান্ডে চাঁদা দাবি করে আসছেন। চাঁদাবাজি বন্ধে তারা পুলিশ প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

এদিকে মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানের দাবি, তিনি অটোরকিশা মালিক সমিতির সঙ্গে জড়িত নন। গত রবিবার দুপুরে হবিগঞ্জ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিনি বলেন, চাঁদাবাজির সঙ্গে কে জড়িত তা হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির সভাপতি মোতাচ্ছিরুল ইসলাম ভালো জানেন। এর আগে মেয়র মিজানুর রহমানের বিরুদ্ধে ‘মিথ্যা’ অভিযোগ করার প্রতিবাদে বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন হবিগঞ্জ পৌরসভার কর্মচারী-কর্মকর্তারা। এ সময় পৌরসভার সব কার্যক্রম বন্ধ থাকে।

মোতাচ্ছিরের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে গতকাল সোমবার শহরে প্রতিবাদ সমাবেশ এবং মিছিল করেন তার সমর্থকরা। পরে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনায় মেয়রের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করা হয়।

মেয়র মিজান দেশ রূপান্তরকে বলেন, ‘সিএনজি অটো স্ট্যান্ড থেকে মাসে লাখ লাখ টাকা চাঁদাবাজি হচ্ছে। আমি চাঁদা না দেওয়ার জন্য অটোরিকশার মালিক ও শ্রমিকদের অনুরোধ করায় আমার বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম কতিপয় শ্রমিককে দিয়ে মিছিল-সমাবেশ করিয়েছেন।

জানতে চাইলে উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, সিলেট বিভাগে উপজেলা চেয়ারম্যানদের মধ্যে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছি। এতে একটি মহল নাখোশ হয়েছে। ওই মহলটির ছত্রছায়ার আমাকে জনসমক্ষে হেয় প্রতিপন্ন করা রজন্য মেয়র মিজানকে দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এর দাঁতভাঙা জবাব দেবে সাধারণ জনগণ। আমি কোন জায়গা থেকে এসেছি, আমার পূর্বসূরিরা কেমন ছিলেন, শহরবাসী সবাই জানেন। তারাই এর সঠিক বিচার করবেন।