বড়াইগ্রামে মাদক সেবনে বাধা দেওয়ায় মনিরুজ্জামান (৩৮) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করেছে মাদকসেবীরা। এ ঘটনায় গতকাল সোমবার আমজাদ হোসেন (৪০) ও সাগর হোসেন (৩৬) নামে দুই মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গত রবিবার বিকালে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
আটক আমজাদ বড়াইগ্রাম উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের আহাদ আলীর ছেলে এবং সাগর হোসেন গুরুদাসপুর উপজেলার রওশনপুর গ্রামের সাইদুল ইসলাম প্রামাণিকের ছেলে। ছুরিকাঘাতে আহত মনিরুজ্জমান নিশ্চিন্তপুর গ্রামের আবদুল আজিজ মাস্টারের ছেলে ও নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী।
বড়াইগ্রাম থানার এসআই সানোয়ার হোসেন বলেন, রবিবার নিশ্চিন্তপুর গ্রামের আবদুল হান্নানের কলার বাগানে আমজাদসহ সাত-আট জন বসে গাঁজা সেবন করছিল। এ সময় হান্নান ও প্রতিবেশী মনিরুজ্জামান তাদের মাদক সেবনে বাধা দেন। এ সময় বিতর্কের এক পর্যায়ে তারা মনিরুজ্জামানের পিঠে ছুরিকাঘাত করে। পরে এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।