নাব্য সংকটের কারণে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়াঘাট থেকে গতকাল সোমবার বিকেল থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বিকেল সোয়া ৩টার দিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ব্যস্ত এ নৌপথে ফেরি চলাচল বন্ধের নির্দেশ দেয়। এর আগে সকাল থেকে সীমিত আকারে ফেরি চলাচল করছিল।
বিআইডব্লিউটিসির শিমুলিয়াঘাটের এজিএম শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সকাল থেকে ছোট আকারের ৫টি ফেরি চলাচলের মধ্য দিয়ে নৌপথ চালু ছিল। কিন্তু ফেরিগুলো গন্তব্যে পৌঁছাতে গিয়ে পদ্মা অববাহিকায় নাব্য সংকটের কারণে নৌ-চ্যানেলে আটকে যাচ্ছিল। এ অবস্থায় বিকেল সোয়া ৩টার দিকে কর্তৃপক্ষ নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেয়। এতে শিমুলিয়াঘাটে অর্ধ-শতাধিক পণ্যবাহী যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।