ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম ও তার স্ত্রী ডা. শায়লা শগুফতা ইসলাম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন গতকাল দুপুরে বিষয়টি নিশ্চিত করে দেশ রূপান্তরকে বলেন, ‘অসুস্থ বোধ করায় রবিবার সকালে পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন মেয়র ও তার স্ত্রী। রাতে ফলাফলে জানা গেল দুজনই করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।’
এদিকে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. জোবাইদুর রহমান, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মোজাম্মেল হক, অঞ্চল-৬ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন, অঞ্চল-৮ এর নির্বাহী কর্মকর্তা মো. আবেদ আলী, মেয়রের সহকারী একান্ত সচিব-২ রিশাদ মোর্শেদ এবং অঞ্চল-১ এর সহকারী নির্বাহী প্রকৌশলী এবং কার্য সহকারীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানায় গণমাধ্যম শাখা।