ব্রাজিলের বিপক্ষে ম্যাচের আগে পেরুর দলে করোনার হানা

বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে করোনাভাইরাসের কারণে বড় ধাক্কা খেল স্বাগতিক পেরু। তাদের দুই খেলোয়াড়ের কভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে পেরুভিয়ান ফুটবল ফেডারেশন (এফপিএফ)।

করোনায় আক্রান্ত খেলোয়াড় দু’জন হলেন রাউল রুইদিয়াস ও আলেক্স ভালেরা। দু’জনই আক্রমণভাগের ফুটবলার। মহামারি আকার ধারণ করা ছোঁয়াচে রোগটিতে আক্রান্ত হওয়ায় তারা ব্রাজিলের বিপক্ষে থাকছেন না বলে জানিয়েছে এফপিএফ। বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় লিমায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে স্বাগতিক পেরু।

করোনায় আক্রান্ত হওয়ায় সোমবার দলের সঙ্গে চূড়ান্ত অনুশীলনে অংশগ্রহণ করেননি রুইদিয়াস ও ভালেরা। তাদেরকে আইসোলেশনে পাঠানো হয়েছে।

বিশ্বকাপের বাছাই পর্বের ষুরুটা এমনিতেই আশাব্যঞ্জক হয়নি পেরুর। প্যারাগুয়ের সঙ্গে প্রথম ম্যাচটিতে ২-২ গোলে ড্র করে তারা।

অন্যদিকে, শুরুটা দারুণ হয়েছে ব্রাজিলের। নিজেদের মাঠে বলিভিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে সেলেসাওরা।