‘পুলিশ ফাঁড়িতে নির্যাতনে’ যুবক নিহতের মামলা পিবিআইতে

সিলেট নগরীর বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে যুবক নিহতের অভিযোগে দায়ের করা মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইতে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) জ্যোতির্ময় সরকার এ কথা জানান।

তিনি বলেন, পুলিশ সদরদপ্তরের নির্দেশে মামলাটি পিবিআইতে হস্তান্তর করা হয়েছে।

বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) আকবর হোসেন পলাতক কিনা এমন প্রশ্নে জ্যোতির্ময় বলেন, ‘এটা এখন মামলার তদন্ত কর্মকর্তা বলতে পারবেন।’

এর আগে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ধরে নিয়ে রায়হান আহমদকে (৩৪) হত্যার ঘটনায় সোমবার তার স্ত্রী তাহমিনা আক্তার তান্নি বাদী হয়ে কোতোয়ালি থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেন।

এর পর বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আকবর হোসেনসহ চার পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত এবং তিনজনকে প্রত্যাহার করা হয়েছে। বরখাস্ত হওয়া অপর তিনজন হলেন- কনস্টেবল হারুন মিয়া, টিটু মিয়া ও তৌহিদুল ইসলাম।

মামলার এজাহারে কোনো আসামির নাম উল্লেখ না করে বলা হয়েছে, গত শনিবার রাতে কে বা কারা রায়হানকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ধরে নিয়ে পিটিয়ে হত্যা করেছে। রায়হান ফাঁড়িতে আটক থাকা অবস্থায় ভোর রাতে বাসায় ফোন করে বলেছিলেন, ১০ হাজার টাকা নিয়ে ফাঁড়িতে যেতে, তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে।

এর কয়েক ঘণ্টা পরই রবিবার সকালে ওসমানী হাসপাতাল মর্গে রায়হানের লাশ পাওয়া যায়। নিহত রায়হান সিলেট নগরীর আখালিয়ার নেহারিপাড়া এলাকার মৃত রফিকুল ইসলামের ছেলে। তার ৩ মাস বয়সী একটি মেয়ে রয়েছে।