বেশ আগে থেকেই বাংলাদেশে তুমুল জনপ্রিয় ইউটিউব। তবে করোনা সংক্রমণ শুরুর পর জনপ্রিয়তা আরও বেড়েছে। বাংলাদেশের বেশ কয়েকজন ইউটিউবার দর্শকের নজর কেড়েছেন। তাদের প্রায় ৯৫ শতাংশই তরুণ। জনপ্রিয় চার ইউটিউবারকে নিয়ে লিখেছেন মাসিদ রণ
আয়মান সাদিক
ইউটিউব এখন শুধু বিনোদননির্ভর মাধ্যম নয়। অনেক প্রয়োজনীয় বিষয় নিয়ে হাজির হচ্ছেন বাংলাদেশের ইউটিউবাররা। তাদের মধ্যে অন্যতম আয়মান সাদিক। তিনি ইউটিউবে শিক্ষকতা করেন। যারা জানেন, তারা বুঝতেই পারছেন আয়মান কতটা সফল। আর যাদের কাছে এখনো বিষয়টি অন্যরকম লাগছে তাদেরও জানার সময় এসেছে। আয়মান বলেন, ‘নিউ নরমালে আমার জন্য সবচেয়ে ভালো দিক হলো, এখন অভিভাবকরাও অনলাইনে পড়াশোনার বিষয়টি মেনে নিয়েছে। এখন আমার ভিউয়ার বা সাবসক্রাইবার দুটোই বাড়ছে দ্বিগুণ হারে।’ আয়মান সাদিক নামের ইউটিউব চ্যানেল ও তার গড়া ‘রবি ১০ মিনিট স্কুল’-এ এখন ৩০ লাখ সাবসক্রাইবার। আয়মান বলেন, ‘এখন আগের মতো আমি সব করি না। আমার সঙ্গে এখন ১০ মিনিট স্কুল ইউটিউব চ্যানেলে যুক্ত হয়েছেন ২০০ শিক্ষক। আমরা ২৫ লাখের মতো শিক্ষার্থীর কাছে পৌঁছে গিয়েছি। দেশে দ্বাদশ পর্যন্ত চার কোটির মতো শিক্ষার্থী আছে। আমাদের লক্ষ্য কোটি শিক্ষার্থীর মাঝে পৌঁছানো।’ ইউটিউবার হিসাবে সফলতা পাওয়ার পরই আয়মান এখন একাধিক বড় ব্র্যান্ডের প্রচারমুখ হিসেবে কাজ করছেন। তার ব্র্যান্ড ভ্যালু এ দেশের ইউটিউবারদের জন্য উদাহরণ।
হৃদি শেখ
রাশিয়ার বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত নৃত্যশিল্পী ও নৃত্যপরিচালখ হৃদি শেখ ইউটিউবিং শুরু করেন আমাদের দেশের ইউটিউবারদের থেকেও আগে। আমাদের দেশের ইউটিউবাররা ইউটিউব থেকে জনপ্রিয় হয়ে পরে শোবিজে কাজ করেন। কিন্তু হৃদি রাশিয়ায় নৃত্যশিল্পী তকমা নিয়েই ইউটিউবিং করা শুরু করেন। তবে তখন অনিয়মিত ছিলেন। বাংলাদেশে এসে চ্যানেল আই সেরা নাচিয়ে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে তারকাখ্যাতি পান দেশে। তখন তিনি জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদির, সৌভিক আহমেদ, তামিম মৃধার সঙ্গে বন্ধুত্বের সুবাদে আবার ইউটিউবে নিয়মিত হন। এখন হৃদির ইউটিউব চ্যানেলে আট লাখের বেশি সাবসক্রাইবার রয়েছে। তিনি মূলত নাচের ভিডিও আপলোড করেন। হৃদি বলেন, ‘লকডাউনের কারণে অনেক দিন কাজ বন্ধ রেখেছিলাম। কদিন আগে সাফা কবিরের সঙ্গে একটা নাচ করেছি। সেটার পেছনের গল্প আমার চ্যানেলে আপলোড করেছি। আজই নতুন একটি ভিডিও করছি। অনেকে বলে তারা নাচ শিখতে চায়। এজন্য একটি নাচের টিউটোরিয়াল তৈরি করছি। এছাড়া এক সপ্তাহ পর নুসরাত ফারিয়ার সঙ্গে একটি ধামাকা নিয়ে হাজির হব। আশা করছি এটা অনেক বড় হিট হবে।’
সৌভিক আহমেদ
আমাদের দেশে শুধু ইউটিউব কনটেন্ট দিয়ে তারকা হয়েছেন যারা তাদের মধ্যে শুরুর দিকে অন্যতম সৌভিক আহমেদ। তামিম মৃধার সঙ্গে তার চ্যানেল ‘গানফ্রেন্ড’ গানপাগল তরুণদের ভীষণ পছন্দ। তারা মূলত গানের শিক্ষক ও ছাত্র চরিত্র দুটি প্লে করেন। প্যারোডি গানের মাধ্যমে তরুণদের নানা বিষয় তুলে ধরেন। আগামী ২২ তারিখেই এ চ্যানেলের নতুন গান ‘নাম তুমি দিয়ে যাও’-এর মিউজিক ভিডিওর শ্যুটিং হবে। সৌভিক বলেন, ‘এবার করছি ব্যামি রহমানের সঙ্গে। তাই এবারের গান আগের গানগুলোর চেয়ে ভিন্ন হবে। তবে মজার কিছুই করছি। আশা করছি আগের মতো আবারও দর্শকের ভালো সাড়া পাব।’
ইফতেখার রাফসান
রাফসান এখন পড়ছেন আইউবিতে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিষয়ে। এর মধ্যেই বন্ধুর ইউটিউব ভিডিও দেখে আগ্রহী হয়ে নিজেও জড়িয়ে পড়েন এ কাজে। ২০১৭ সালে শুরু করেছিলেন। ভোজনরসিক বলে প্রথমে খাবারের ভিডিও দিয়ে শুরু করেন। ২৩ বছরের এ তরুণের চ্যানেলে এখন সাড়ে তিন লাখ সাবসক্রাইবার। তিনি জানান, ইউটিউব ও ব্র্যান্ডের প্রচারণা থেকে তিনি ছাত্রজীবনেই গড়ে আড়াই লাখ টাকা আয় করছেন। রাফসান বলেন, ‘যখন শুরু করি তখন খুব মোটা ছিলাম। খেতে ভালোবাসি বলে খাবারের ভিডিওতে কমেডি যুক্ত করে ভিডিও বানাতাম। দ্রুত খুব ভালো সাড়া পাই। কয়েক বন্ধু মিলে তেজগাঁও, বসুন্ধরা আবাসিক এলাকা ও বনানীতে মধ্যপ্রাচ্যের খাবারের ‘হাবিবি’ নামের চেইন রেস্টুরেন্টও খুলেছি। এখন অবশ্য ট্রাভেল ও লাইফস্টাইলবিষয়ক ভিডিও বানাচ্ছি। আমি যাই করি না কেন, তাতে কমেডির ছোঁয়া থাকবেই। আমিও চাই দিনশেষে সবাই যেন মজা নিয়ে আমার কনটেন্ট দেখেন।’