পিরোজপুরে হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন

পিরোজপুরে সাকিল সিকদার নামে এক যুবককে হত্যার দায়ে চার যুবককে যাবজ্জীবন কারাদ-াদেশ দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ মুহা. মহিদুজ্জামান এ দন্ডাদেশ দেন। একই সঙ্গে সাজাপ্রাপ্তদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

এছাড়া হত্যাকান্ডের পর যুবকের ছিনতাই করা মোটরসাইকেল লুকিয়ে রাখার অপরাধে অন্য দুই আসামিকে পাঁচ বছর করে সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা জরিমানা করেন বিচারক।

যাবজ্জীবন দন্ডপ্রাপ্তরা হলো পিরোজপুরের মঠবাড়িয়ার হোগলপাতি গ্রামের সোহেল রানা, বরগুনার পাথরঘাটা উপজেলার পূর্ব হাতেমপুর গ্রামের মিলন ঘরামী, ঘুটাবাছা গ্রামের আল আমিন হাওলাদার ও মাসুম বিল্লাহ। এছাড়া পাঁচ বছর সাজাপ্রাপ্তরা হলো হিরু হাওলাদার ও লিটন চৌকিদার। ঘটনার পর থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের মধ্যে সোহেল রানা ছাড়া অন্য তিন আসামি পলাতক।

মামলার বিবরণে জানা গেছে, বন্ধুত্বের সুযোগ নিয়ে মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশ্যে কৌশলে মোবাইল ফোনে ডেকে নিয়ে ২০১৪ সালের ৯ মার্চ রাতে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার মৃত নূরুল ইসলাম সিকদারের ছেলে সাকিল সিকদারকে শ্বাসরোধে হত্যা করা হয়।