গত ২০ বছরে প্রাকৃতিক দুর্যোগের ঘনঘটা বৃদ্ধিতে কোটি কোটি মানুষের জন্য ‘বসবাস অযোগ্য নরকে’ পরিণত হয়ে উঠছে বিশ্ব। জলবায়ু সংকটকেই এর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করে জাতিসংঘ বলছে, বিশ্ব নেতারা দ্রুত ব্যবস্থা না নিলে এই সংকট মোকাবিলা কঠিন হয়ে পড়বে। গত সোমবার জাতিসংঘের দুর্যোগ ঝুঁকি হ্রাস সংক্রান্ত অফিস ইউএনডিআরআরের প্রকাশিত এক প্রতিবেদনে এই সতর্কবার্তা দেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের প্রভাব প্রশমনে ফলপ্রসূ ব্যবস্থা নিতে বিশ্ব রাজনৈতিক ও ব্যবসায়িক নেতাদের ব্যর্থতায় এই গ্রহ ধীরে ধীরে কোটি কোটি মানুষের জন্য বসবাস অযোগ্য নরকে পরিণত হচ্ছে। ইউএনডিআরআর বলছে, ১০ লাখের বেশি মানুষের প্রাণ কেড়ে নেওয়া করোনাভাইরাসও দেশে দেশে মৃত্যুর ঢেউ থামাতে না পারা ক্ষমতাসীনদের সামগ্রিক ব্যর্থতার মুখোশ উন্মোচন করেছে।