রাঙ্গামাটিতে গুলি বিনিময়, ২ সন্ত্রাসী নিহত, ১ সেনা সদস্য আহত: আইএসপিআর

রাঙ্গামাটির বুড়িঘাট এলাকায় ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) এবং সেনাবাহিনীর মাঝে গুলি বিনিময়ের ঘটনায় দুই সন্ত্রাসী নিহত এবং একজন সেনা সদস্য আহত হয়েছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, মঙ্গলবার বিকেল ৫ টার দিকে রাঙ্গামাটির নানিয়ারচর সংলগ্ন বুড়িঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ইউপিডিএফ (প্রসিত গ্রুপ) এর সশস্ত্র চাঁদাবাজদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করে রাঙ্গামাটি সেনা জোনের একটি টহল দল।

এ সময় ইউপিডিএফ এর চাঁদাবাজরা সেনা টহল এর উপস্থিত বুঝতে পেরে পার্শ্ববর্তী একটি টিলার উপর থেকে সেনা সদস্যদের ওপর আচমকা গুলি বর্ষণ শুরু করে। টহলে থাকা সেনা সদস্যরা এ পর্যায়ে পাল্টা গুলি বর্ষণ করে।

গুলি বিনিময়ের ঘটনায় ঘটনাস্থলে ইউপিডিএফ এর দুইজন সশস্ত্র চাঁদাবাজ নিহত হয় এবং সন্ত্রাসীদের গুলিতে শাহাবুদ্দিন নামে একজন সেনা সদস্য বাম কাঁধে গুলিবিদ্ধ হন।

সেনা সদস্যরা পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে গুলিসহ সন্ত্রাসীদের ব্যবহৃত ১ টি একে-২২ এসএমজি উদ্ধার করে।

আহত সেনা সদস্যকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টার যোগে চট্টগ্রাম সিএমএইচ-এ স্থানান্তর করা হয়।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে এবং এ ব্যাপারে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।