না.গঞ্জে কিশোর গ্যাং সদস্যদের কান্ড

কিশোরীকে ধর্ষণচেষ্টায় বাধা দেওয়ায় বড় বোনকে ছুরিকাঘাত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছোট বোনকে ধর্ষণচেষ্টায় বাধা দেওয়ায় বড় বোনকে স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্যরা ছুরিকাঘাত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার রাতে শিহাচর শাহজাহান রোলিং মিল এলাকার মনির হোসেনের বাসায় এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করায় গত সোমবার রাতেও কিশোর গ্যাং সদস্যরা তাদের বাসায় কয়েক দফা হামলা চালায় বলে জানিয়েছেন হামলার শিকার তরুণী।

ছুরিকাঘাতে আহত বড় বোনকে (২৫) রবিবার রাতে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) নেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে এক দিন চিকিৎসা শেষে বাসায় ফেরেন স্থানীয় একটি পোশাক কারখানার কর্মী ওই তরুণী।

হামলার শিকার তরুণী জানান, দীর্ঘদিন ধরে তার ছোট বোনকে (১৫) এলাকার ১৬-১৭ বছরের দুই কিশোর উত্ত্যক্ত করে আসছে। গত রবিবার রাত সাড়ে ৯টার দিকে ওই দুজনসহ ১০-১৫ কিশোর তরুণীর বাসায় যায়। তারা তার ছোট বোনকে টেনেহিঁচড়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় তিনি বোনকে জড়িয়ে ধরে বাঁচানোর চেষ্টা করেন। এতে ক্ষুব্ধ হয়ে এক কিশোর তরুণীর পেটের একাধিক স্থানে ছুরিকাঘাত করে দলবল নিয়ে পালিয়ে যায়। পরে মা, বোন ও ছোট ভাইসহ আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে প্রথমে শহরের ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে জরুরি বিভাগের চিকিৎসক আহত তরুণীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। সেখানে নেওয়া হলে চিকিৎসক তার ক্ষতস্থানে ১৮টি সেলাই দিয়ে এক দিন ভর্তি রাখেন।

হামলাকারী কিশোর অপরাধীরা প্রায়ই এলাকায় অস্ত্র হাতে নিয়ে মহড়া দেওয়ায় ভয়ে এলাকাবাসী তাদের বিরুদ্ধে কিছু বলতে পারে না বলেও জানান ভুক্তভোগী তরুণী।

তিনি বলেন, ‘হামলার শিকার হলেও কিশোরদের ভয়ে থানায় গিয়ে তথ্য গোপন করে বিস্তারিত অভিযোগ না করে শুধু একটি জিডি করেছি। জিডির বিষয়টি জানার পর সোমবার রাতে কয়েক দফা আমাদের বাড়িতে হামলা করে তারা।’

এ ব্যাপারে জানতে চাইলে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন দেশ রূপান্তরকে বলেন, ‘দুপক্ষের মাঝে আগে থেকেই গ-গোল আছে। ধর্ষণের চেষ্টার কোনো অভিযোগ পাইনি। তবে তরুণীর আহতের ঘটনাটি সত্য। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’