আশুলিয়ায় শিশু আসিফ হত্যার ঘটনায় গ্রেপ্তার ৭

আশুলিয়ার কলতাসূতি এলাকায় ৮ বছরের শিশু আসিফ খাঁন হত্যাকাণ্ডে ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে নিহত শিশুর বাবা জুয়েল রানা বাদী হয়ে রাতে আশুলিয়া থানায় ৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কলতাসূতি এলাকার এখলাস ব্যাপারীর ছেলে রফিকুল ইসলাম ও সুজন, মাদারীপুরের রাজৈর থানার তাতীকান্দার মৃত মোখলেস শেখের ছেলে কামাল, জামালপুরের ইসলামপুর পলকান্দা এলাকার আনোয়ার হোসেনের ছেলে সম্রাট আকবর, রংপুর জেলার পীরগঞ্জ থানার দশমুরা সাদুল্যাপুরের আমজাদ হোসেনের ছেলে রমজান, রাজবাড়ি জেলার পাংশা থানার সাধেরচড় এলাকার মো. এখলাসের ছেলে রহিম এবং কিশোরগঞ্জ কটিয়াদী থানার মৃত ওয়াদুদের ছেলে মজনু।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিয়াউল ইসলাম জানান, এ ঘটনায় অভিযান পরিচালনা করে অভিযুক্ত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। হত্যাকাণ্ডে আরও কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

প্রসঙ্গত, নিহত আসিফ গত ১১ অক্টোবর বিকেলে নিজ বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পেয়ে আশুলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন স্বজনরা।

মঙ্গলবার সকালে ওই এলাকার একটি শ্রমিক কলোনির পাশে আসিফের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায় পুলিশ।

নিহত আসিফ (৭) একই এলাকার জুয়েল রানার ছেলে। সে স্থানীয় দিপারোজ স্কুলে দ্বিতীয় শ্রেণিতে পড়তো।