সাতক্ষীরায় শ্যালিকাকে (২৩) ধর্ষণের অভিযোগে দুলাভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া অভিযুক্ত দুলাভাই সোলায়মান মোল্যা (৩৮) সদর উপজেলার বাসিন্দা।
সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মির্জা সালাহউদ্দিন জানান, ধর্ষণের শিকার তরুণী বাদী হয়ে তার ভগ্নিপতিকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মঙ্গলবার থানায় ধর্ষণের মামলা করেন।
সোলাইমানকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) বোরহানউদ্দিন জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে সোমবার রাতেই ঘটনাস্থল থেকে সোলায়মান মোল্যাকে গ্রেপ্তার করে পুলিশ।
মঙ্গলবার সাতক্ষীরা সদর হাসপাতালে তরুণীর স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ধর্ষণের শিকার তরুণী জানান, তার দুলাভাই সোমবার বিকেলে তাদের বাড়িতে বেড়াতে আসেন। সন্ধ্যার পর তার স্বামী বাইরে যান। এই সুযোগে রাত ৯টার দিকে দুলাভাই তার ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন।
এ সময় তরুণী চিৎকার দিলে আশপাশের লোক এসে হাতেনাতে দুলাভাইকে আটক করে সদর থানায় খবর দেন।