সাভারে অপহৃত শিশুর লাশ উদ্ধার, গ্রেপ্তার ১

সাভারের বিরুলিয়ায় অপহরণের একদিন পর মেহেদী হাসানের (৬) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ১১টার দিকে বাড়ির পার্শ্ববর্তী জঙ্গল থেকে স্কুল ব্যাগের ভেতর তার লাশ পাওয়া যায়।

এ ঘটনায় জসিম (৩০) নামের একজনকে গ্রেপ্তার করেছে ‍পুলিশ।

মেহেদী হাসান বিরুলিয়ার কাকাবর এলাকার গোলাম কবিরের ছেলে। গ্রেপ্তার জসিম কুড়িগ্রাম এলাকার বাসিন্দা। তিনি শিশু মেহেদীর প্রতিবেশী। 

শিশুটির পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত সোমবার (১২ অক্টোবর) সকালে মেহেদীকে বাসায় রেখে তার মা ও বাবা কর্মস্থলে যান। সকাল ১০টার দিকে প্রতিবেশী জসিমকে স্কুলব্যাগ কাঁধে করে নিয়ে যেতে দেখেন স্থানীয়রা।

এরপর থেকে মেহেদীকে পাওয়া যাচ্ছিল না। এতে সন্দেহ হলে তারা মেহেদীর বাবা ও মাকে জানান। খবর পেয়ে বাবা গোলাম কবীর ও মা পারুল বেগম কর্মস্থল থেকে এসে মেহেদীকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন।

পুলিশ আরও জানায়, সেদিন সন্ধ্যা সাতটার দিকে শিশুটির বাবা গোলাম কবীরের মুঠোফোন কল করে মেহেদীকে অপহরণের কথা জানিয়ে ১৫ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন জসিম।

পরে মেহেদীর পরিবারের পক্ষ থেকে বিষয়টি সাভার থানাকে অবহিত করা হলে রাত ১১টার দিকে পাশের খাগান এলাকা থেকে জসিমকে আটক করে পুলিশে সোপর্দ করে এলাকাবাসী।  

সাভার মডেল থানার বিরুলিয়ার ফাঁড়ি ইনচার্জ (এসআই) অপূর্ব দত্ত বলেন, জসিম ব্যাপক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন। তার দেয়া তথ্যমতে মেহেদীর মরদেহ আজ রাত ১১টার দিকে একটি জঙ্গলে ব্যাগের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।