শ্রীলঙ্কার ক্রিকেটার মুত্তিয়া মুরালিধরনের চরিত্রে অভিনয় করছেন বিজয় সেতুপতি। এ খবর প্রকাশের পর দক্ষিণ ভারতীয় নায়কের ভক্তদের মাঝে খুশির রেশ ছড়িয়ে পড়ে। সম্প্রতি ফার্স্টলুক প্রকাশে তা আরও বাড়ে। পাশাপাশি নিন্দা মুখে পড়েছে ‘৮০০’ শিরোনামের ছবিটি।
ভারতীয় গণমাধ্যম জানায়, রাজনৈতিক কারণে ‘৮০০’ বিতর্কের মুখে পড়েছে। যার কারণে নিন্দায় পড়েছেন বিজয়ও। টুইটারে ইতিমধ্যে ট্রেন্ড করেছেন ‘শেইম অন বিজয় সেতুপতি’ হ্যাশট্যাগ।
বলা হচ্ছে, মুরালির চরিত্রে বিজয়কে দেখে খুশি নন তামিলরা। রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা সিংহলিজদের হাতে শ্রীলঙ্কার তামিলরা নির্যাতিত বলে অভিযোগ রয়েছে।
ভাইরাল হয়েছে মুরালিধরন সম্পর্কে বিজয় সেতুপতির একটি মন্তব্য। যেখানে অভিনেতা ক্রিকেটারকে ‘শ্রদ্ধা জাগানিয়া’ বলে প্রশংসা করেন। এর জবাবে তামিলরা বলছেন, সিংহলি সরকার ইলেমের দুই লাখ তামিলকে হত্যা করেছে। এ থেকে বোঝা যায় তামিলদের ব্যথা এ অভিনেতা অনুভব করেন না।
বিজয় গণহত্যাকে সমর্থন করছেন অভিযোগ তুলে অনেকে তাকে বয়কটের হুমকি দিয়েছেন। ‘৮০০’ যাতে মুক্তি না পায় তারা এর জন্য লড়বেন বলেও জানান।
এমনকি ছবির স্থিরচিত্রে বিজয়ের জার্সিতে থাকা শ্রীলঙ্কার পতাকাও ক্ষোভ বাড়িয়ে দিয়েছে। ‘রক্তের দাগ লাগা’ ওই পতাকা বুকে ধারণের জন্য অভিনেতা নিজেকে বিক্রি করে দিয়েছেন বলে কারো কারো ক্ষোভ।
এ দিকে বিজয়ের মুরালি লুক ও মোশন ফার্স্টলুক নিয়ে প্রশংসার বন্যাও বইছে। মোশন পোস্টারটিতে মুরালিধরনের শৈশব থেকে শুরু করে পুরো ক্রিকেটযাত্রাকে তুলে ধরা হয়েছে। মুরালি ও বিজয়ের সাদৃশ্য নিয়ে অনেকে বিস্ময় প্রকাশ করেছেন।
২০২১ সালের শুরুতে শুটিং ফ্লোরে যাবে এম এস শ্রীপাথি পরিচালিত ‘৮০০’। দৃশ্যায়ন হবে শ্রীলঙ্কা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও ভারতে। ছবিটি মুক্তি পাবে ওই বছরের শেষ দিকে।