সাভারের আশুলিয়ায় আবারও এক নারী পোশাক শ্রমিককে (৩০) ধর্ষণ করে ভিডিও ধারণ এবং ব্ল্যাকমেল করার অভিযোগে আসলাম সুমন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার দুপুরে গ্রেপ্তার সুমনকে আদালতে পাঠানো হয়েছে। সে ময়মনসিংহ জেলার বাসিন্দা বলে জানা গেছে। তিনি ভুক্তভোগী মেয়েটির পাশের কক্ষের ভাড়াটিয়া।
পুলিশ জানায়, সুমন বেশ কিছুদিন ধরে মেয়েটিকে নানাভাবে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিল। এতে কাজ না হওয়ায় ভয়ভীতি দেখিয়ে সুযোগ বুঝে গত ১০ অক্টোবর সুমন মেয়েটিকে নিজের কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ধর্ষণের ভিডিও করা হয়েছে এবং তা ছড়িয়ে দেয়ার কথা জানিয়ে আবারও ওই নারীকে ব্ল্যাকমেল করার চেষ্টা করেন সুমন।
এ ঘটনায় ভুক্তভোগী নারী মঙ্গলবার রাতে আশুলিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে রাতেই অভিযান চালিয়ে সুমনকে গ্রেপ্তার করে পুলিশ।
আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আজহার হোসেন বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তকে যুবককে গ্রেপ্তার করে বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে ভুক্তভোগী নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত ২৪ সেপ্টেম্বর মিরপুর থেকে এক গৃহবধূ ডেকে এনে আশুলিয়ার রুস্তমপুর এলাকার নির্জন জঙ্গলে নিয়ে সাত বন্ধু মিলে দলবদ্ধভাবে ধর্ষণ করে। এ ঘটনায় মামলা দায়েরের পর পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ। তার আগে গত ৩০ আগস্ট আশুলিয়ার ভাদাইলে ১০ বন্ধু মিলে ধর্ষণ করেন নারী শ্রমিক দুই বান্ধবীকে। সেসময় ধারণ করা ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে। কিন্তু এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে মামলার অন্য আসামিরা।