বলিউডের জনপ্রিয় নায়িকা হলেও ক্যাটরিনা কাইফ এখন নায়ক সংকটে ভুগছেন! তার বিপরীতে অভিনয়ের জন্য মনের মতো নায়ক খুঁজে পাচ্ছেন না পরিচালক আলি আব্বাস জাফর। মহাবিপাকে পড়েছেন এ পরিচালক। আলি আব্বাস জাফর ক্যাটরিনাকে নিয়ে সুপার ওম্যানভিত্তিক এক সিনেমা নির্মাণ করতে চলেছেন। এ মুভি নিয়ে এখন চূড়ান্ত ব্যস্ত এ তরুণ পরিচালক। কারণ আগামী বছর তিনি এ মুভির শ্যুটিং শুরু করতে চলেছেন আবুধাবিতে। সেজন্য সদলবল দুবাই পৌঁছে গেছেন ‘ভারত’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘সুলতান’খ্যাত এ পরিচালক। সেখানে এ মুভির প্রি প্রোডাকশনের কাজ শুরু করে দিয়েছেন। এই মুহূর্তে শ্যুটিংয়ের লোকেশন খোঁজার কাজে ব্যস্ত। এ মুভিতে সুপার ওম্যানের ভূমিকায় দেখা যাবে ক্যাটরিনাকে। লকডাউনের মধ্যে সেজন্য জোরদার প্রস্তুতি নিয়েছেন এ বলিউড নায়িকা। প্রথমে এ মুভির শ্যুটিং ভারতেই হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে দেশের বাইরে যেতে বাধ্য হয়েছেন আলি। শ্যুটিংয়ের জন্য এ পরিচালক আবুধাবিকে বেছে নিয়েছেন। কেননা এ সিনেমার সঙ্গে দেশের বাইরের অনেক কলাকুশলী যুক্ত আছেন। এই মুহূর্তে করোনার আবহে বিদেশি কাউকে দেশে আনা সম্ভব নয়। তাই আলি আবুধাবিতে শ্যুটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। আলির সঙ্গে ২০ জনের দল এই মুভির শ্যুটিংসংক্রান্ত কাজে ব্যস্ত।
মুভিসংক্রান্ত বিশেষ কোনো তথ্য এখনো ফাঁস করেননি আলি। শুধু এটুকু জানা গেছে যে ক্যাটরিনা এ মুভির মূল চরিত্রে অভিনয় করছেন। কিন্তু তার বিপরীতে কাকে দেখা যাবে, তা নিয়ে চলছে নানান জল্পনা-কল্পনা। জানা গেছে, কোনো বড় পুরুষ তারকা সুপার ওম্যানভিত্তিক মুভিতে কাজ করতে রাজি হচ্ছেন না। তাই ‘ছোট’ কোনো অভিনেতাকে নেওয়ার কথা ভাবছেন আলি আব্বাস। দীর্ঘদিন ধরে এ ধরনের সিনেমা বানানোর ইচ্ছা প্রকাশ করে এসেছেন তিনি। অবশেষে তার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে।