জমে উঠেছে পোস্টারবিহীন উপজেলা নির্বাচন

ব্যাপক প্রচার-প্রচারণার মধ্য দিয়ে জমে উঠেছে কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন। ২০ অক্টোবর অনুষ্ঠিতব্য এ নির্বাচন ঘিরে উপজেলার প্রতিটি সড়ক, মোড়ে মোড়ে শোভা পাচ্ছে প্রার্থীদের ছবি ও প্রতীকসংবলিত ব্যানার, ফেস্টুন। দুপুর পেরোলেই চলছে মাইকিং। সব মিলিয়ে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। তবে এবারই প্রথম পোস্টারবিহীন স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে দাউদকান্দিতে। আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পোস্টারবিহীন নির্বাচন করার ঘোষণাকে স্বাগত জানিয়ে বিএনপির প্রার্থীসহ ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও পোস্টারবিহীন নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন।

দাউদকান্দি উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে মেজর (অব.) মোহাম্মদ আলী (নৌকা) ও সাইফুল আলম (ধানের শীষ) প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বিল্লালুর রশিদ দোলন (টিয়া পাখি), উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি তারিকুল ইসলাম নয়ন (তালা), সাবেক ভাইস চেয়ারম্যান আমানউল্লাহ এসডু (চশমা) এবং বিএনপির মো. রহুল আমীন (ধানের শীষ) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ ছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত রোজিনা আক্তার (প্রজাপতি) ও বিএনপি সমর্থিত ফরিদা ইয়াসমিন (ধানের শীষ) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে সাধারণ জনগণের ভরসা আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী। কারণ হিসেবে তারা বলেন, করোনাকালে দলমত-নির্বিশেষে তিনি দাউদকান্দিবাসীর পাশে ছিলেন। যখন দুর্যোগের ওই সময়ে অন্য কোনো রাজনৈতিক নেতাকে মাঠে দেখা যায়নি। উপজেলার একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নের তৃণমূল নেতা-কর্মীসহ তার পক্ষে মাঠে নেমেছেন জেলা-উপজেলা আওয়ামী লীগের সব ইউনিট ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ আলী বলেন, জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। কারণ আমি মৌসুমি নেতা নই, জনগণের সেবক। গত পাঁচ বছর জনগণের জন্য কাজ করেছি বলেই আজকে নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে।

বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল আলম ভূঁইয়া বলেন, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হলে, ভোটাররা যদি ভোট দেওয়ার সুযোগ পান, তাহলে বিপুল ভোটে আমি জয়ী হব ইনশা আল্লাহ।

দাউদকান্দি উপজেলা নির্বাচন কর্মকর্তা আশরাফুন নাহার জানান, ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন। উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ২ লাখ ৭৩ হাজার ৫০১ জন ভোটার ভোট দেবেন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৩৭ হাজার ৫৫৩ ও নারী ১ লাখ ৩৫ হাজার ৯৪৮ জন। উপজেলার ১০২টি কেন্দ্রের ৬৫৮টি বুথে ভোট গ্রহণ করা হবে।