কিশোরীকে ধর্ষণের ভিডিও ধারণ

নরসিংদীতে এক কিশোরীকে (১৬) দল বেঁধে ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় রফিকুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৭ অক্টোবর রাতে শহরের নাগরিয়াকান্দি ইউএমসি জুটমিলের পাশের একটি বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার এক সপ্তাহ পর গত মঙ্গলবার রাতে নরসিংদী মডেল থানায় মামলা করে ওই কিশোরী।

মামলার এজাহারে জানা যায়, ইউএমসি জুটমিলের পাশের একটি বাড়িতে পরিবারসহ বসবাস করে ওই কিশোরী। সে একটি স্পিনিং মিলে শ্রমিকের কাজ করে। কিশোরীর পাশের কক্ষে পরিবারসহ বসবাস করেন ইউএমসি জুটমিলের সাবেক শ্রমিক বাঞ্ছারামপুর এলাকার রফিকুল ইসলাম। গত ৭ অক্টোবর রাতে রফিকুলের পরিবারের সদস্যরা বাসায় না থাকার সুযোগে ওই কিশোরীকে তিনি তার কক্ষে ডেকে নিয়ে আসেন এবং আটকে রাখেন। এরপর ফোন করে আরও দুজনকে ডেকে আনা হয়। পরে রফিকুলসহ তিনজন ওই কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে। এসময় ধর্ষণের ভিডিও ধারণ করে তাকে ছেড়ে দেওয়া হয়। 

নরসিংদী সদর মডেল থানার ওসি বিপ্লব কুমার দত্ত চৌধুরী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার রফিকুল ঘটনার দায় স্বীকার করেছে। বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে । বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।