নরেন্দ্র মোদির সম্পদ গত বছরের তুলনায় বেড়েছে। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) জমা দেওয়া বর্তমান সম্পদের তালিকা প্রকাশ হয়েছে। এতে দেখা গেছে, ভারতের প্রধানমন্ত্রীর মোট সম্পদ গত বছরের তুলনায় বেড়েছে।
ভারতের সংবাদমাধ্যম লাইভ মিন্টের প্রতিবেদনে বলা হয়েছে, জুনে তার হাতে নগদ ছিল ৩১ হাজার ৪৫০ রুপি। গান্ধী নগরের এনএসসি ব্রাঞ্চের এসবিআই অ্যাকাউন্টে রয়েছে ৩ লাখ ৩৮ হাজার ১৭৮ রুপি। এ ছাড়া ব্যাংক এফডিআর ও এমওডি ব্যালান্স ১ কোটি ৬০ লাখ ২৮ হাজার ৯৩৯ রুপি। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে রয়েছে ৮ লাখ ৪৩ হাজার ১২৪ রুপি। ১ লাখ ৫০ হাজার ৯৫৭ রুপির জীবনবীমা আছে। এ ছাড়া ঘোষিত অস্থাবর সম্পদ ১ কোটি ৭৫ লাখ রুপি।
২০১৯ সালের তুলনায় এ বছর মোদির মোট সম্পদ ৩৬ লাখ রুপি বেড়েছে। তার জমা দেওয়া সম্পদ বিবরণী অনুযায়ী, ৩০ জুন পর্যন্ত মোট সম্পদ ছিল ২ কোটি ৮৫ লাখ রুপি। গত বছরে সম্পদ ছিল ২ কোটি ৪৯ লাখ রুপি। এ সম্পদ বেড়েছে মূলত ব্যাংকে টাকা জমা রাখা ও নিরাপদ বিনিয়োগের বিপরীতে।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, গত বছরের তুলনায় মোদির সম্পত্তি বাড়লেও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর মোট সম্পদের মূল্য কমেছে।
২০২০ সালের জুন পর্যন্ত শাহর সম্পদের পরিমাণ ২৮ কোটি ৬৩ লাখ রুপি, গত বছর যা ছিল প্রায় ৩২ কোটি ৩ লাখ। গুজরাটে অমিত শাহর ১০টি অস্থাবর সম্পত্তি রয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঘোষণাপত্রে, অমিত শাহর মালিকানাধীন সম্পত্তি এবং তার মায়ের কাছ থেকে পাওয়া উত্তরাধিকারের মূল্য ১৩ কোটি ৫৬ লাখ রুপি।